করোনাভাইরাসের সংক্রমণ দেশে কিছুটা কমতির দিকে। সবশেষ চব্বিশ ঘণ্টায় দুই হাজারের কম মানুষের শরীরে ছোঁয়াচে এই ভাইরাসটির সংক্রমণ ধরা পড়েছে, যা প্রায় এক মাসের মধ্যে সর্বনিম্ন।
কভিড-১৯ এর সবশেষ পরিস্থিতি তুলে ধরে রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এদিন সকাল আটটা পর্যন্ত ১১ হাজার ৯৩৪টি নমুনা পরীক্ষা করে সংক্রমণ ধরা পড়েছে ১ হাজার ৮৯৭ জনের শরীরে। যা গত দিনের মধ্যে সবচেয়ে কম।
চব্বিশ ঘণ্টার হিসেবে চলতি মাসে সবচেয়ে কম শনাক্ত ছিল ৩ আগস্ট, ১ হাজার ৩৫৬ জন। এর মধ্যে দুই দিন উনিশশো ছাড়ানো শনাক্ত হলেও সংখ্যাটা আঠারোশোর ঘরে নামেনি।
সবশেষ একদিনে শনাক্ত নিয়ে সরকারি হিসেবে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ১০ হাজার ৮২২ জন। এর মধ্যে ৩ হাজার ৪৪ জনসহ মোট সুস্থ হয়েছেন ২ লাখ ১ হাজার ৯০৭ জন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চব্বিশ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ৪২ জনের। তাতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ২৪৮ জন।
বাংলাদেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলে; এর দশ দিনের মাথায় ঘটে প্রথম মৃত্যু। এখন পর্যন্ত দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ৬৪ জন, ৩০ জুন; আর সর্বোচ্চ শনাক্তের সংখ্যা ৪ হাজার ১৯ জন, ২ জুলাই।