পুলিশের বাধা ভেঙে মোহাম্মদপুরে সড়কে তাজিয়া মিছিল

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের বাসিন্দারা পুলিশের বাধা ভেঙে সড়কে আশুরার তাজিয়া মিছিল করেছেন। করোনা মহামারির কারণে এবার উন্মুক্ত সড়কে তাজিয়া মিছিল করার ওপর নিষেধাজ্ঞা রয়েছে।

রবিবার বেলা আড়াইটার দিকে জেনেভা ক্যাম্পের কয়েকশ লোক তাজিয়া মিছিল নিয়ে গজনবী রোড দিয়ে পশ্চিম দিকে অগ্রসর হতে চাইলে পুলিশ সেখানে বাধা দেয়। তাতে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী বিক্ষোভ শুরু করে।

পরে তারা পুলিশের বাধা অতিক্রম করে তাজিয়া মিছিল নিয়ে তারা গজনবী সড়ক দখল করে চক্কর দিতে থাকে।

ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর বিভাগের অতিরিক্ত উপ কমিশনার মৃত্যুঞ্জয় দে সজল বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গজনবী রোডের পূর্ব দিক থেকে মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের পাশ দিয়ে পশ্চিম দিক পর্যন্ত তাজিয়া মিছিল করার অনুমতি দেওয়া হয়।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলাম রাস্টন বলেন, আমরা মিছিল রাস্তায় না নিতে অনেক অনুরোধ করেছিলাম ক্যাম্পবাসীকে। কিন্তু তারা অনুরোধ শোনেননি। পরে শুধুমাত্র ক্যাম্পের পাশে গজনবী রোডেই মিছিল সীমাবদ্ধ রাখতে বলা হয়েছে। পুলিশের পক্ষ থেকেও তাদের সেই অনুমতি দেওয়া হয়েছে।

কারবালার স্মরণে আশুরার দিনে ঢাকার বিভিন্ন স্থানে প্রতি বছরই তাজিয়া মিছিল করেন শিয়া মুসলমানরা। তবে এ বছর মহামারির কারণে খোলা স্থানে তাজিয়া মিছিল ও সমাবেশ না করে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে ঘরোয়াভাবে আশুরার আনুষ্ঠানিকতা সারতে বলেছিল ঢাকা মহানগর পুলিশ।