সাবেক ফুটবলার আসলাম সপরিবারে করোনা পজিটিভ

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জাতীয় দলের সাবেক স্ট্রাইকার শেখ মোহাম্মদ আসলাম। স্ত্রী, কন্যা, শাশুড়িসহ আসলামের পরিবারের মোট ৪ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।

সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ৮০’র দশকের সুপারস্টার আসলাম।

ক’দিন ধরে হালকা জ্বর থাকায় ডাক্তারের পরামর্শে পরিবারের সবার করোনা পরীক্ষা করানো হয়েছিল। আসলাম বলেন, ‘তিন-চার দিন আগে পরীক্ষা করিয়েছিলাম। আমার, স্ত্রী, মেয়ে ও শাশুড়ির পজিটিভ এসেছে।’

১৯৭৭ সালে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের হয়ে ক্লাব ক্যারিয়ার শুরু আসলামের। এরপর খেলেছেন দেশের সেরা দুই ক্লাব আবাহনী-মোহামেডান দুই দলেই। তবে আবাহনীতেই কাটিয়েছেন বেশির ভাগ সময়।

জাতীয় দল, লাল দল ও বাফুফে একাদশ মিলে ২৮টি আন্তর্জাতিক গোল আসলামের। ২০০০ সালে জাতীয় ক্রীড়া পুরস্কার পান আসলাম।