রাজধানীর ওয়ারী বনগ্রামে মোটরসাইকেল ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মুন্না (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন। আহত হয়েছেন তার মামাতো ভাই শাহিন (১৭)।
তাকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। রবিবার বিকেলে এ ঘটনাটি ঘটে।
হাসপাতালে চিকিৎসাধীন আহত শাহীন জানান, দুপুরে তারা দুই ভাই নিয়ে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। ঘুরতে ঘুরতে বিকেলে বনগ্রাম এলাকায় গেলে কয়েকজন যুবক তাদের এলোপাতাড়ি ছুরিকাঘাত করে মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায়। পরে আহত অবস্থায় পথচারীরা তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে স্বজনরা সেখান থেকে তাদের ঢাকা মেডিকেলে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা মুন্নাকে সন্ধ্যা ৬টার দিকে মৃত ঘোষণা করেন। আহত শাহিন চিকিৎসাধীন রয়েছে।
নিহত মুন্নার বাবা মনিরুল ইসলাম জানান, তারা থাকেন ওয়ারি নবাবপুর লাল চান্দর এলাকায়। তাদের গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলায়। দু’ভাইয়ের মধ্যে মুন্না ছোট। মুন্না গাড়ির হেলপার ও শাহিন ওয়ার্কশপে কাজ করে। বিকেলে মুন্না তার নিজের মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। এরপর এই ঘটনা শুনতে পারি। তাদের মোটরসাইকেলও নিয়ে গেছে ছিনতাইকারীরা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মুন্নার পিঠে এলোপাতাড়ি ছুরিকাঘাতের চিহ্ন আছে। আর শাহিনের পেটে বড় ধরনের ছুরিকাঘাত আছে। তার অবস্থা আশঙ্কাজনক। মুন্নার মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।