জামালপুরের সরিষা বাড়িতে পাগল বেশে ঘুরছেন অভিনেতা শাহরিয়ার শুভ। তার কিছু অপ্রকৃতিস্থ ছবিসহ এমন সংবাদ ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর থেকে শোবিজ পাড়ার সবাই উঠেপড়ে লাগে শাহরিয়ার শুভ’র খোঁজ নিতে। আসলে কি হয়েছে অভিনেতা শাহরিয়ার শুভ’র? কিন্তু দু’দিন পেরিয়ে গেলেও তার খোঁজ মিলছিল না। অবশেষে শুক্রবার দুপুরে মিলল শাহরিয়ার শুভ’র খোঁজ।
ডিরেক্টর গিল্ডের সাধারণ সম্পাদক এস এ হক অলিক দেশ রূপান্তরকে জানান, শাহরিয়ার শুভ একটি কাজে টাঙ্গাইল গিয়েছিলেন। সেখানে যাওয়ার পর তিনি দুর্বৃত্তদের কবলে পড়েন। তারা শাহরিয়ার শুভকে অচেতন করেন। পরে অপ্রকৃতিস্থ অবস্থায় শাহরিয়ার শুভকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি একটি রেস্ট হাউসে নিরাপদে আছেন।
অলিক বলেন, ‘মূলত কী ঘটনা ঘটেছিল শুভ’র সঙ্গে তা আমরা এখনো জানতে পারিনি। শুভ’র সঙ্গে কথাও হয়েছে। সে আরেকটু সুস্থ হলে হয়তো মূল ঘটনা জানতে পারব।’
এদিকে শাহরিয়ার শুভ’র সঙ্গে যোগাযোগ করা হলে দেশ রূপান্তরকে শুভ বলেন, ‘দু’দিন আগে শুটিংয়ের লোকেশন খুঁজতে টাঙ্গাইলের ধনবাড়ি এসেছিলাম। স্পট দেখা শেষে এখানকার কেন্দুয়া এলাকায় এক ছোট ভাইয়ের ওখানে থেকে যাই। পরেরদিন সকালে বের হলে এখানকার একটি দুর্বৃত্ত দল আমাকে চায়ের সঙ্গে কিছু একটা খাইয়ে অচেতন করে ফেলে। এরপর দু’দিন প্রায় সেন্সলেস অবস্থায় ঘোরাঘুরি করতে করতে সরিষাবাড়ী চলে যাই। এখন ওভারকাম করার চেষ্টা করছি।’
তিনি আরও বলেন, ‘দুর্বৃত্তরা আমার গাড়ি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু পরে পুলিশের হস্তক্ষেপে তারা তা পারেনি। গাড়ি এখন পুলিশের হেফাজতে রয়েছে।’
এখনো মামলা কোনো মামলা করেননি জানিয়ে শাহরিয়ার শুভ বলেন, ‘এখনো কোনো মামলা করিনি। তবে আইনি পদক্ষেপ অবশ্যই নিবো। আর মূল ঘটনা কী হয়েছে তারও বিস্তারিত জানাব সবাইকে। ঢাকায় ফিরে ফেসবুক লাইভে সবাইকে বিষয়টি জানাব। আমি কৃতজ্ঞ অসংখ্য মানুষ আমার পাশে এসে দাঁড়িয়েছেন। তাদের কল্যাণেই আমি বড় ক্ষতির হাত থেকে বেঁচে গেলাম।’