চমকে যাওয়ার মতো খবরই। কারণ জেনেলিয়া ডি সুজা করোনায় আক্রান্ত হওয়ার খবর আগে জানাননি অনুরাগীদের। হুট করেই ঘোষণা দিলেন, তিনি করোনামুক্ত।
ভারতীয় গণমাধ্যম বলছে, ২১ দিন কোয়ারেন্টাইন শেষে করোনা মুক্ত হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় সবার সঙ্গে ভাগ করে নিলেন বলিউড ও দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী।
‘জানে তু ইয়া জানে না’ নায়িকা জানান, তিন সপ্তাহ বাড়িতেই নিভৃত বাসে ছিলেন। ছিলেন একেবারেই সংসর্গহীন।
সোশ্যাল মিডিয়ায় লেখেন, “গত ২১ দিন আমার জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং সময় ছিল। একাকিত্ব যে কী যন্ত্রণার তা এই কয়েক দিনে বুঝেছি। আবারও পরিবারকে কাছে পেয়ে আমি খুশি।”
জেনেলিয়ার সুস্থতার খবরে শুভেচ্ছা জানিয়েছেন তার ইন্ডাস্ট্রির বন্ধুরা। স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন স্বামী অভিনেতা রিতেশ দেশমুখ।
করোনার হানা থেকে ছাড় পায়নি বলিউড। দিন কয়েক আগেই করোনায় আক্রান্ত হয়েছিল জয়া বাদে গোটা বচ্চন পরিবার। ভর্তি হতে হয় হাসপাতালে। তবে এখন ভালো আছেন তারা। ভালো আছেন জেনেলিয়াও।
২০১২ সালে অভিনেতা রিতেশ দেশমুখকে বিয়ে করেন জেনেলিয়া। তাদের রয়েছে দুই সন্তান রিয়ান ও রাইল।