করোনা প্রতিরোধে টিকার কয় ডোজ লাগবে?

নভেল করোনাভাইরাস প্রতিরোধী টিকা বাজারে আসলে সাধারণ মানুষের দুই ডোজ করে কেনা লাগতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

বিভিন্ন গবেষকদের উদ্ধৃতি দিয়ে মার্কিন গণমাধ্যম সিএনএন বলছে, করোনাভাইরাস মোকাবিলার বড় প্রতিবন্ধকতা হতে পারে এই ডোজই। কারণ অনেকের পক্ষে এক ডোজ কেনাই কষ্টকর হয়ে যাবে।

ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যনীতি বিভাগের অধ্যাপক কেলি মুর বলছেন, ‘এ নিয়ে কোনো সন্দেহ নেই যে মানবজাতির ইতিহাসে সবচেয়ে বড় এবং জটিল টিকাদান কর্মসূচি হতে যাচ্ছে কভিড-১৯ এর টিকা। এই কর্মসূচি সফল করতে যে পরিমাণ শ্রম এবং চেষ্টা লাগবে তা আমরা এর আগে কখনো দেখিনি।’

টিকা আসার পর সম্ভাব্য দুটি সমস্যা প্রধান হয়ে দেখা দিতে পারে। দুই ডোজ লাগার ফলে ব্যবস্থাপনাগত সমস্যা দেখা দিতে পারে। এর পাশাপাশি মানুষকে দুইবার টিকা নিতে উৎসাহিত করাও সমস্যা হতে পারে।

যেহেতু দুই ডোজ লাগবে তাই টিকা সরবরাহে বিশৃঙ্খলা দেখা দিতে পারে এবং টেস্ট কিটের প্রস্তুতিতেও সমস্যা হতে পারে। একবার টিকা নিতেই রাজি হবেন না অনেকে। সেখানে দুইবার টিকার জন্য মানুষকে বলাতে খরচ বাড়বে এবং অনেকে নাও নিতে পারে।