ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে রবিবার ১৯৪ রানের পুঁজি নিয়েও জিততে পারেনি পাকিস্তান। ম্যাচটিতে পাকিস্তান অধিনায়ক বাবর আজমের অধিনায়কত্বের ভুল দেখছেন সাবেক পেসার শোয়েব আখতার। বারবের অধিনায়কত্ব স্কিল নিয়েই প্রশ্ন তুলেছেন শোয়েব।
ইংল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ পুঁজি গড়েও জয় পায়নি পাকিস্তান। বিপরীতে ইংল্যান্ড পেয়েছে পাকিস্তানের বিপক্ষে সর্বোচ্চ রান তাড়া করে রেকর্ড জয়। অধিনায়ক ওয়েন মরগান ও ডেভিড মালানের ব্যাটে ভর করে ৫ বল হাতে রেখেই জয় তুলে নেয় ইংলিশরা।
ম্যাচের পর নিজের ইউটিউব চ্যানেলে ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ খ্যাত শোয়েব দুই দলের নানা দিক বিশ্লেষণ করেছেন। শোয়েবের চোখে বাবরকে মনে হয়েছে ‘হারিয়ে যাওয়া গরু’র মতো। যে কিনা কি করতে হবে, তা বুঝে পায় না।
‘আমার কাছে বাবরকে মনে হয়েছে হারানো গরুর মতো। সে ম্যাচের মধ্যে আছে বলে মনে হচ্ছিল না। মনে হচ্ছিল কি করবে সে জানেই না।’- বলেন শোয়েব।
বাবরকে বলা হয় বর্তমান সময়ে পাকিস্তানের সবচেয়ে প্রতিভাবান ব্যাটসম্যান। খুব বেশি দিন হয়নি তিনি ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন। শোয়েবের মতে বাবরের অনুধাবন করা উচিত, অধিনায়ক হওয়ার সুযোগটা কাজে লাগানোর।
বলছিলেন, ‘নিজে থেকে সিদ্ধান্ত নেওয়াটা গুরুত্বপূর্ণ। আর তা করতে পারলে ভবিষ্যতে সে ভালো অধিনায়ক হতে পারবে। বাবরকে বুঝতে হবে, সে এখন যে সুযোগ পেয়েছে তা সারা জীবন পাবে না। তাই সুযোগের সদ্ব্যবহার করতে হবে।’
করোনা পরিস্থিতে ইংল্যান্ডে বায়ো সিকিউর পরিবেশে খেলা হচ্ছে। পাকিস্তান দলের সদস্যরা সেখানে নিজেরে করণীয় বুঝতে পারছেন না বলেও মন্তব্য করেন শোয়েব।
বলেন, ‘পাকিস্তান দল বায়ো সিকিউর পরিবেশে খেলছে। সেখানে প্রতিটি খেলোয়াড় যেন নিরাপত্তাহীনতায় ভুগছে। তাদের কারওর মধ্যে ভালো অধিনায়ক বা ভালো একটি দল হওয়ার প্রচেষ্টা ছিল না।’
টিম ম্যানেজমেন্টেরও সমালোচনা করেছেন শোয়েব, ‘উল্টাপাল্টা দল নির্বাচন, বিশৃঙ্খল টিম ম্যানেজমেন্ট, অধিনায়কের আত্মবিশ্বাসের অভাব...। এভাবে একটা দল দাঁড়াতে পারে না।’
সিরিজে ১-০তে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। মঙ্গলবার তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল। বৃষ্টির কারণে প্রথম ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল।