ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন আধুনিক বাংলাদেশের রূপকার এবং বিশ শতকের অন্যতম প্রভাবশালী ও সাহসী নেতা।
সোমবার মুজিববর্ষ উপলক্ষে এক বই বিতরণ অনুষ্ঠানে এমন মন্তব্য করেন ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনার।
মুজিববর্ষ উদ্যাপনের অংশ হিসেবে এক অনলাইন আয়োজনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দেশের ১০০টি শিক্ষা-প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর লেখা বই উপহার দেওয়া হয়।
ভারতীয় হাইকমিশনের উদ্যোগে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেটসহ বিভিন্ন শহরে কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিখ্যাত লেখক ও ইতিহাসবিদদের লেখা বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কিত এসব বই উপহার দেওয়া হয়।
মুক্তিযুদ্ধ পরবর্তী প্রজন্মের উদ্দেশে বঙ্গবন্ধুর সমৃদ্ধ উত্তরাধিকারের প্রতিচ্ছবি তুলে ধরেন রীভা গাঙ্গুলি বলেন, তার ‘সোনার বাংলা’ গড়ার স্বপ্ন বাস্তবায়িত করতে ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি রচনা করেছিলেন বঙ্গবন্ধু।
উপহার দেওয়া বইগুলো পড়ে তরুণ সমাজ বঙ্গবন্ধুকে আরও ভালোভাবে উপলব্ধি করতে পারবেন বলে আশা প্রকাশ করেন ভারতীয় হাইকমিশনার।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশের শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী। বই উপহার দেওয়ার এমন উদ্যোগের জন্য ভারতীয় হাইকমিশনের প্রতি ধন্যবাদ জানান তিনি।
অনুষ্ঠানে আরও অতিথি ছিলেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহান, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ফায়েকুজ্জামান এবং চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গৌতম বুদ্ধ দাস।