মেজর সিনহা নিহতের ঘটনায় আরো ৭ দিন সময় পেল তদন্ত কমিটি

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খানের মৃত্যুর ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিতে আরো সাত দিন সময় পেয়েছে। রবিবার তদন্ত কমিটি সময় বৃদ্ধির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করে। সোমবার ছিল তদন্ত কমিটির রিপোর্ট জমা দেয়ার শেষ দিন।

সোমবার ৭ সেপ্টেম্বর পর্যন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার মেয়াদ বাড়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এটি চতুর্থ দফা সময় বৃদ্ধি। ৪ আগস্ট তদন্ত কমিটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়। পরবর্তীতে ৩১ আগস্ট পর্যন্ত তিন দফা সময় বৃদ্ধি করা হয়।                            

তদন্ত কমিটির প্রধান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান সোমবার সন্ধ্যায় জানান, ৭ সেপ্টেম্বর পর্যন্ত তদন্ত কমিটির মেয়াদ বাড়িয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চিঠি দিয়েছে। আশা করি সাত তারিখের আগেই আমরা রিপোর্ট জমা দিতে পারব।

তিনি জানান, মেজর সিনহা নিহত হওয়ার ঘটনা তদন্তে কমিটি এ পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরির ৬৭ জনের জবানবন্দি নিতে পেরেছে। টেকনাফ থানার বরখাস্ত হওয়া সাবেক ওসি প্রদীপ যেহেতু এই ঘটনায় সংশ্লিষ্ট, তার জবানবন্দির অপেক্ষায় ছিল কমিটি। প্রদীপ রিমান্ডে থাকায় তার জবানবন্দি নিতে পারেনি কমিটি। ওই কারণেই তদন্ত কমিটির মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। আশা করি বুধবার বা পরদিন ওসি প্রদীপের জবানবন্দি নিতে পারব। 

তিনি বলেন, মঙ্গলবার প্রদীপের রিমান্ড শেষ হচ্ছে। আমরা একটি স্বচ্ছ এবং নিরপেক্ষ রিপোর্ট দিতে পারবো। তদন্ত কমিটির অপরাপর সদস্যরাও তদন্ত কার্যক্রমে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। আমরা তদন্ত কার্যক্রম অনেকটা গুছিয়ে আনতে পেরেছি।      

চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ মিজানুর রহমানকে আহ্বায়ক করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এই তদন্ত কমিটি করেছিলেন। কমিটিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিনিধি লে. কর্নেল সাজ্জাদ সদস্য হিসেবে আছেন। যাকে মনোনীত করেছেন রামু ১০ পদাতিক ডিভিশনের জিওসি ও কক্সবাজারের এরিয়া কমান্ডার। 

পুলিশ বিভাগের পক্ষ থেকে এ কমিটিতে সদস্য হিসেবে আছেন চট্টগ্রাম রেঞ্জের উপপুলিশ মহাপরিদর্শকের মনোনীত অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জাকির হোসেন। এ ছাড়া কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহা. শাজাহান আলি এ তদন্ত কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন।

কমিটি সরেজমিনে তদন্ত করে ঘটনার কারণ ও উৎস অনুসন্ধান করবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে করণীয় সম্পর্কে মতামত দেওয়ার কথা রয়েছে।

৩১ জুলাই রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।