কোহলি-ফিঞ্চের বিশ্ব রেকর্ড ছুঁলেন বাবর

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে রবিবার ৫ উইকেটে হেরেছে পাকিস্তান। তবে হেরে যাওয়া ম্যাচটাতেও দারুণ একটা রেকর্ডে ভাগ বসিয়েছেন সীমিত ওভারের ক্রিকেটে পাকিস্তান অধিনায়ক বাবর আজম। বসেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ও অস্ট্রেলিয়ার সীমিত ওভারের অধিনায়ক অ্যারন ফিঞ্চের পাশে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম ১৫০০ রান করার ক্ষেত্রে কোহলি ও ফিঞ্চের পাশে এখন বাবরের নাম। তিনজনই ৩৯ ইনিংসে এই কীর্তি গড়েছেন।

ডানহাতি ব্যাটার বাবরের এই মাইলফলক ছুঁতে প্রয়োজন ছিল ২৯ রান। বাবর খেলেন ৪৪ বলে ৫৬ রানের ইনিংস।

বাবর অবশ্য অন্তত ৫০০ রান করা ব্যাটসম্যানদের মধ্যে ব্যাটিং গড়ের বিচারে বিরাট কোহলিকে পেছনে ফেলেছেন এদিন। এই ইনিংসের পর বাবরের ব্যাটিং গড় ৫০.৯০, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ।

কোহলির ব্যাটিং গড় ৫০.৮০, যা এত দিন সর্বোচ্চ ছিল। যদিও বাবরের (৪০) তুলনায় দ্বিগুণেরও বেশি ম্যাচ খেলেছেন কোহলি (৮২)।