এসি মিলানে আরও এক বছর ইব্রাহিমোভিচ

জ্লাতান ইব্রাহিমোভিচের সঙ্গে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে এসি মিলান। এর মানে শুরু হতে যাওয়া নতুন মৌসুমেও ইতালিয়ান ক্লাবটির হয়ে খেলবেন সুইডিস এই ফুটবলার।

গত বছরের ডিসেম্বরে ফ্রি-ট্রান্সফার উইন্ডোতে লস অ্যাঞ্জেলস গ্যালাক্সি থেকে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো এসি মিলানে নাম লেখান। ছয় মাসের চুক্তিতে দলে টানা হয় তারকা এই স্ট্রাইকারকে। মৌসুম শেষেই চলে যাওয়ার কথা তার।

কিন্তু ছয় মাসেই ৩৮ বছর বয়সী এই ফুটবলার জানান দিলেন, এখনো ফুরিয়ে যাননি তিনি। পারফরম্যান্সে সন্তুষ্ট হয়ে তাই ইব্রাহিমোভিচের সঙ্গে নতুন চুক্তির ঘোষণা দিল মিলান।

এ ব্যাপারে ক্লাবের এক বিবৃতিতে বলা হয়েছে, “জ্লাতান ইব্রাহিমোভিচের সঙ্গে নতুন চুক্তির ঘোষণা দিতে পেরে এসি মিলান আনন্দিত। তিনি ক্লাবটিতে ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত থাকবেন।”

এর আগেও এসি মিলানের হয়ে খেলেছেন ইব্রাহিমোভিচ। ২০১০ থেকে ২০১২ পর্যন্ত ৮৫টি ম্যাচ খেলে করেছিলেন ৫৬টি গোল। এই সময়ে ক্লাবটির হয়ে একবার সেরি আ ও একবার ইতালিয়ান সুপার কাপের শিরোপা জেতেন তিনি।

দ্বিতীয় ধাপে এসে সব ধরনের প্রতিযোগিতায় ১১টি গোল করেন ইব্রাহিমোভিচ। ক্লাবটির হয়ে স্পর্শ করেন একশোটি ম্যাচের মাইলফলক।