আমি দলমতের ঊর্ধ্বে কাজকে ইবাদত মনে করি: মেয়র আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, এলাকার উন্নয়নের ব্যাপারে কে এমপির আর কে মেয়রের লোক এটা আমার কাছে তুচ্ছ । কারণ আমি দলমতের ঊর্ধ্বে উঠে কাজকে ইবাদত মনে করে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

তিনি বলেন, নাসিকের উন্নয়নের স্বার্থে কে কোন দলের সেটা বিবেচনায় না নিয়ে আমি দল-মত নির্বিশেষে জনগণের জন্য কাজ করি ।

সোমবার বিকেলে নাসিক ৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর রুহুল আমিন মোল্লার মাধ্যমে ১০০ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন রাস্তাঘাটের উন্নয়নকাজ পরিদর্শন শেষে ভূঁইয়া পাড়া এলাকায় বৈদ্যুতিক বাতি স্থাপন কার্যক্রমের শুভ উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

মেয়র আইভী আরও বলেন, জনগণের নিকট দেওয়া ওয়াদা আমি অক্ষরে অক্ষরে পালন করেছি। কারণ আমি নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জ, বন্দর কোথাও কোনো উন্নয়নকাজ করতে কার্পণ্য করিনি।

তিনি বলেন, কোভিড- ১৯ এর কারণে আমরা অনেক পিছিয়ে পড়েছি। তা কেটে উঠতে আমাদের কিছুদিন সময় প্রয়োজন। আশা করি আপনারা আমাকে এই সময়টুকু দিয়ে সহযোগিতা করলে অল্পদিনের মধ্যেই বাকি কাজগুলো সম্পন্ন করতে পারব ইনশা আল্লাহ। এর আগে তিনি গোদনাইল জেলা সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত সরকারি আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন এবং অসহায় শিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

নাসিক ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রুহুল আমিন মোল্লার তত্ত্বাবধানে ২১ কোটি টাকা ব্যয়ে আরসিসি ড্রেনসহ নির্মাণাধীন রাস্তার উন্নয়নকাজ পরিদর্শন করেন। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,নাসিক ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, শিহাব উদ্দিন রিপন, আলহাজ্ব শাহ আলম, আলহাজ্ব জহিরুল হক, নাজির আহমেদ, জসীম উদ্দীন, নূর হোসেন পাঠান, নিলয়, শুভ,মজিবুল হক বাবু, মোতালেব, ইয়াসিন, কাশেম মেম্বার, মাহবুবুল আলম ,শামীম হাসান প্রমুখ।