মাদারীপুরে ডিসিসহ ৬ জনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

মাদারীপুরে জেলা প্রশাসক ড. রহিমা খাতুনসহ (ডিসি) ছয়জনের বিরুদ্ধে দুটি ফৌজদারি মামলা হয়েছে।

মঙ্গলবার মাটি ভরাটের কাজে ব্যবহৃত চারটি ড্রেজার মেশিন আগুনে পুড়িয়ে ফেলা এবং আটটি অন্যান্য যন্ত্র ভাঙচুরের অভিযোগ এনে দুই ব্যবসায়ী মাদারীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দুটি লিখিত অভিযোগ জমা দেন।

বিচারক মোহাম্মদ হোসেন অভিযোগগুলো আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) এ বিষয়ে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

দণ্ডবিধির ১৪৭/৪৪৭/৪৩৫/৪৩৬/৩৭৯/৪২৭/৫০৬ (২) ধারায় করা মামলা দুটির বাদীরা হলেন শিবচর উপজেলার ডাইয়ারচর গ্রামের মনির সরদার এবং সাদুল্লা বেপারিকান্দি গ্রামের সরোয়ার বেপারি।

মামলা দুটির অন্য আসামিরা হলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. জাকির হোসেন বাচ্চু এবং শিবচরের সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ইউসুফ হোসেন, সার্ভেয়ার মো. রাসেল হোসেন ও এমএলএসএস বাবুল মিয়া।

মামলার আরজিতে বলা হয়, বাদীরা ঠিকাদারি ব্যবসা পরিচালনার জন্য স্থানীয় চৌধুরী আনিছউদ্দিন ওয়াকফ এস্টেটের মাটি ভরাট করে উন্নয়ন কাজ করার জন্য চারটি ড্রেজার মেশিন দিয়ে কাজ শুরু করেছিলেন। মামলার আসামিরা গত ২৮ আগস্ট দুপুর ১টার দিকে ওয়াকফ এস্টেটের জমিতে গিয়ে ড্রেজার মেশিনগুলো আগুন দিয়ে পুড়িয়ে দেন এবং আরও আটটি মেশিন ভাঙচুর করে লাখ লাখ টাকার ক্ষতিসাধন করেন।

জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের সঙ্গে যোগাযোগ করা হলে মামলার বিষয়ে তিনি অবগত নন বলে জানান।