লিওনেল মেসির বর্তমান অবস্থার দ্রুত সমাধান হতে পারে আগামীকাল। স্কাই স্পোর্টস বলছে, বৃহস্পতিবার মেসির এজেন্ট তার বাবা হোর্হে মেসির সঙ্গে বার্সেলোনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক। সেখানেই বার্সায় মেসির ভবিষ্যৎ ঠিক হতে পারে। এতদিনে মেসি বার্সায় না থাকার ইচ্ছা জানিয়ে বার্সা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে চেয়েছেন। কিন্তু বার্সার পক্ষ থেকে ক্লাব প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তোমেউ জানিয়েছেন, এক শর্তেই আলোচনায় বসতে রাজি তিনি। সেটি হলো, মেসির চুক্তির এক বছর বার্সায় থেকে যাওয়া এবং বার্সায় ক্যারিয়ার শেষ করার ব্যাপারে রাজি হওয়া। এ ছাড়া মেসিকে রাখতে পদত্যাগ করতেও রাজি হয়েছেন বার্তেমেউ। সেক্ষেত্রে মেসিকে সংবাদমাধ্যমে বলতে হবে, বার্তোমেউর জন্যই ক্লাব ছাড়তে চেয়েছিলেন তিনি। আর যদি চলে যেতেই হয় তবে রিলিজ ক্লজের ৭০ কোটি ইউরো অবশ্যই দিতে হবে মেসির প্রতি আগ্রহী ক্লাবকে। এই অচলাবস্থার একটা গতি হতে পারে কালকের বৈঠকে।
অর্থদন্ড হতে পারে মেসির
বার্সেলোনার নির্ধারিত করোনা টেস্ট মিস করে আইনত বার্সার সঙ্গে চুক্তির নিয়ম ভেঙেছেন মেসি। সোমবার রোনাল্ড কোম্যানের অধীনে প্রথম অনুশীলনে অনুপস্থিত থেকে অপরাধের মাত্রা বাড়িয়েছেন। চুক্তি অনুযায়ী মেসি এখনো বার্সেলোনার ফুটবলার। তাই ক্লাবের নিয়ম মেনে চলতেই হবে তাকে। বার্সেলোনার পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবারের পর মঙ্গলবারও দলের অনুশীলনে যোগ না দিলে মেসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সংবাদমাধ্যমে বলা হচ্ছে, মোটা অঙ্কের অর্থদ- হতে পারে মেসির। চুক্তিতে একজন ফুটবলারের অকারণে দুটি অনুশীলন সেশন মিস করার ব্যাপারে কড়া শাস্তির কথা উল্লেখ আছে। এই শাস্তির মধ্যে ১১ দিনের পারিশ্রমিক কেটে নেওয়ার বিধান আছে। পাশাপাশি মাসিক পারিশ্রমিকের ২৫ শতাংশও কেটে নেওয়ার উল্লেখ আছে। তবে ক্লাবের প্রতি মেসির অবদানের কথা বিবেচনা করে বার্সা পরিচালকরা এখনই কোনো শাস্তিমূলক সিদ্ধান্ত নিতে যাচ্ছেন না। ক্লাবের এখনো আশা, পরিস্থিতি হয়তো স্বাভাবিক হয়ে যাবে। তাই আগামীকাল বৃহস্পতিবার মেসির বাবার সঙ্গে বৈঠক পর্যন্ত অপেক্ষা করবে বার্সা।
সুয়ারেজ-ভিদাল ছাড়া কেউ মুখ খুলছেন না
এদিকে মেসির বার্সেলোনায় থাকা না থাকা নিয়ে দলের মধ্যেই বিভক্তি তৈরি হয়ে গেছে। কর্মকর্তাদের রোষে পড়বেন এই ভয়েই কিনা মেসির অনেক দিনের সতীর্থরাও তার ক্লাবে থাকা না থাকার বিষয়টি নিয়ে মুখ খুলতে নারাজ। স্কাই স্পোর্টস সংবাদমাধ্যম বলছে পুরো নিশ্চুপ হয়ে গেছেন জেরার্ড পিকে, সার্জিও বুসকেতস, জর্দি আলবাদের মতো অভিজ্ঞ ফুটবলাররা। শুধুমাত্র ক্লাবে অনিশ্চিত হয়ে পড়া লুইস সুয়ারেজ ও আর্তুরো ভিদালই মেসির বার্সায় থেকে যাওয়ার ব্যাপারে মুখ খুলেছেন। অবশ্যই তারা মেসিকে ক্লাবেই দেখতে চান।
সুয়ারেজ ও ভিদাল দুজন বার্সায় থাকছেন না বলেই মনে হচ্ছে। ভিদাল গত সোমবার প্রকাশ্যে বার্সা কর্মকর্তা ও ক্লাবের দর্শনের সমালোচনা করেছেন। কঠোর সমালোচনার পর পুরনো ক্লাব জুভেন্তাসে ফেরার ইচ্ছাও ব্যক্ত করেন তিনি। এদিকে সুয়ারেজকে জানিয়ে দেওয়া হয়েছে কোম্যানের পরিকল্পনায় শীর্ষ স্ট্রাইকার হিসেবে থাকছেন না তিনি। চাইলে অন্য ক্লাবে যেতে পারেন। তাই তাদের কথা বলতে শোনা গেছে মেসির পক্ষে।
ক্লাবে মেসির একান্ত বন্ধুচক্র বলে যা বোঝায় সেই তালিকায় পিকে ও বুসকেতসও আছেন। কিন্তু তারা দুজনই মেসির বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। একে তো বায়ার্নের বিপক্ষে ৮-২ গোলে হারের ব্যর্থতায় তাদের ওপরও আঙুল তোলা হয়েছিল। পরে নতুন কোচের অধীনে আমূল পরিবর্তনে বেশি বয়সী হিসেবে তাদের দুজনের নাম চলে এসেছে। যার ফলে বার্সায় পিকে ও বুসকেতসেরই জায়গা নড়বড়ে। এ কারণেই সম্ভবত মেসির বিষয়ে কথা বলে নিজেদের অবস্থান আর নড়াতে চান না এ দুই তারকা। আবার মেসির বিপক্ষে কথা বলে বন্ধুর মনেও কষ্ট দিতে চান না। তাই দুই স্প্যানিশ তারকাই চুপ মেরে গেছেন।