মাঠ পর্যায়ে সেবা দিতে আচরণগত উন্নয়ন প্রয়োজন উল্লেখ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, ‘ইতিবাচক মনোভাব নিয়ে গ্রাহকদের সমস্যা দ্রুত সমাধান করুন। মাঠ পর্যায়ে সরাসরি গ্রাহকদের সঙ্গে যারা কাজ করেন তাদের সেবা দেওয়া ও আচরণগত প্রক্রিয়ায় আরও উন্নয়ন প্রয়োজন।’ গতকাল মঙ্গলবার বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (বিপিএমআই) আয়োজিত ‘লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ফর পাওয়ার সেক্টর অর্গানাইজেসন্স’ শীর্ষক প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘আগামী দিনে বাংলাদেশের অগ্রগতি কোথায় যাবে তার পূর্বাভাস আপনাদের কাজের মাধ্যমে প্রতিফলন ঘটাতে হবে। আমাদের অবস্থার পরিবর্তন আমাদেরই করতে হবে। এই প্রশিক্ষণ আপনাদের নেতৃত্বের উন্নয়ন ঘটিয়ে নতুন করে কাজ করতে উদ্বুদ্ধ করবে। বিদ্যুৎ বিভাগে অংশীজন গ্রাহক। গ্রাহক সন্তুষ্টিই আমাদের মূল লক্ষ্য। কোনো সমস্যা নিয়ে গ্রাহক আপনাদের কাছে আসার আগেই সেবা নিয়ে গ্রাহকদের কাছে যেতে হবে।