আইইউটির নতুন উপাচার্য অধ্যাপক এম রফিকুল ইসলাম

গাজীপুরের বোর্ডবাজারে অবস্থিত ওআইসি পরিচালিত ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি (আই.ইউ.টি) এর উপাচার্য হিসেবে মঙ্গলবার যোগদান করেছেন অধ্যাপক এম রফিকুল ইসলাম।

তিনি ১৯৯৪ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নেভাল আর্কিটেকচার ও মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করে ২০০৯ সালে অধ্যাপক পদমর্যাদায় উত্তীর্ণ হন।

আইইউটির জনসংযোগ বিভাগের কর্মকর্তা নাহিদুল ইসলাম জানান, অধ্যাপক এম রফিকুল ইসলাম তার কর্মজীবনে বুয়েট ছাড়াও সৌদি আরবের জেদ্দায় অবস্থিত কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ের মেরিন টেকনোলজি বিভাগের অধ্যাপক, মালয়েশিয়ায় অবস্থিত ইউনিভার্সিটি মালয়েশিয়া তেরেঙ্গানু (ইউ.এম.টি) এবং ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়া (ইউ.টি.এম) এ খণ্ডকালীন অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

এছাড়াও ডক্টর ইসলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের প্রথম সিন্ডিকেট এর সদস্য ছিলেন।

তিনি বাংলাদেশের সুপরিচিত শিপইয়ার্ড, খুলনা শিপইয়ার্ড লিমিটেড, এর পরিচালক হিসেবেও কর্মরত ছিলেন। বর্তমানে তিনি জার্নাল অব নাভাল আর্কিটেকচার এন্ড মেরিন ইঞ্জিনিয়ারিং এর সহযোগী সম্পাদক হিসেবে কাজ করছেন।

অধ্যাপক ইসলাম বুয়েটের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরান্স সেলের পরিচালক, স্টাবলিশম্যান অব শিফ মডেল টেস্টিং সেন্টার এর প্রকল্প পরিচালকসহ বিভিন্ন আন্তর্জাতিক উপদেষ্টা কমিটি ও সম্মেলনের সদস্য হিসেবে কর্মরত আছেন।

বিভিন্ন জাতীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক জার্নালে অধ্যাপক ইসলামের বিপুল সংখ্যক গবেষণামূলক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি তার ছাত্র ও কর্মজীবনে বিপুল সংখ্যক পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন।