মাল্টাবাসীকে চমকে দিল বাংলাদেশিদের ‘ভোরের অভিযান’

ইউরোপের সমুদ্রে ঘেরা ছোট্ট এক দ্বীপরাষ্ট্র মাল্টাকে আরও সুন্দর রাখতে পরিচ্ছন্নতা অভিযানে নেমেছেন বাংলাদেশিরা। নিয়ম করে নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট স্থানে কাকডাকা ভোরে সবাই জড়ো হয়ে বিভিন্ন অঞ্চল পরিষ্কার-পরিচ্ছন্ন করছেন।

বাংলাদেশি কমিউনিটির এমন অভিনব উদ্যোগ সেখানকার স্থানীয় প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষের নজর কেড়েছে। পত্র-পত্রিকায় করা হচ্ছে প্রশংসা।

বাংলাদেশি কমিউনিটি অ্যান্ড অ্যাসোসিয়েশন মাল্টার ফেইসবুক পেজ থেকে জানা গেছে, ৩০ আগস্ট প্রথমদিন তারা অভিযানে নামেন। মিসিডা চার্চের সামনে দলবেঁধে পরিষ্কার করেন।

সংগঠনটি নিজেদের কার্যক্রম থেকে এভাবে বার্তা দিয়েছে, ‘ভাগাভাগিতেই ভালোবাসা। আমরা যে সমাজে বাস করি, সেখানকার যত্ন নেই। সমাজ এবং পরিবেশ একে-অপরের সঙ্গে সংযুক্ত।’

আয়োজকেরা জানিয়েছেন, গত রবিবার ভোর পাঁচটায় সবাই জড়ো হন। তারপর চার্চের জায়গা একদম ধুয়েমুছে পরিষ্কার করেন।

স্থানীয় কাউন্সিল মেয়র মার্গারেট বলদাচিনো সেফাইকে ধন্যবাদ দিয়ে বাংলাদেশি প্রবাসীরা বলেন, ‘আমরা মার্গারেট বলদাচিনো সেফাইকে ধন্যবাদ জানিয়ে মাল্টাকে সুন্দর করার সুযোগটি গ্রহণ করতে চাই। স্থানীয় নাগরিকেরা চাইলে আমাদের সঙ্গে যোগ দিতে পারেন। ফেইসবুক পেজের মাধ্যমে সব আপডেট দেয়া হবে।’

কেন এমন অভিযান-তার যুক্তি দিতে গিয়ে বাংলাদেশিরা গেয়েছেন এক পৃথিবীর জয়গান, ‘আমাদের একটাই পৃথিবী। ভবিষ্যৎ প্রজন্মের জন্য তাকে পরিষ্কার এবং নিরাপদ রাখা আমাদের দায়িত্ব।’