ঢাকা-দোহা রুটে ৯ সেপ্টেম্বর থেকে ইউএস-বাংলার ৩ ফ্লাইট

আগামী ৯ সেপ্টেম্বর থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে দোহা রুটে সপ্তাহে তিনটি ফ্লাইট শুরু করতে যাচ্ছে। গত ৩১ আগস্ট থেকে কেভিড-১৯ সময়কালীন সপ্তাহে দু’টি ফ্লাইট পরিচালনার মাধ্যমে যাত্রা শুরু করে।

বাংলাদেশ ও কাতার সরকারের সকল ধরনের স্বাস্থ্যবিধি ও ভ্রমণ সংক্রান্ত নির্দেশনা পালন করে ইউএস-বাংলা এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করছে।

বর্তমানে সোম ও শুক্রবার রাত ৭টা ৩০মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দোহার উদ্দেশে ছেড়ে যাচ্ছে। দোহা থেকে একই দিন স্থানীয় সময় ১১টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে আসছে।

আগামী ৯ সেপ্টেম্বর থেকে ঢাকা থেকে দোহায় সোম, বুধ ও শুক্রবার ফ্লাইট পরিচালিত হবে। ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ঢাকা-দোহা-ঢাকা রুটে ফ্লাইট পরিচালিত হচ্ছে।

দোহা ছাড়াও বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে গুয়াংজু ও কুয়ালালামপুর রুটে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করছে।

এছাড়া ১ জুন থেকে অভ্যন্তরীণ রুট ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, রাজশাহী,যশোর, সৈয়দপুর ও বরিশালে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা।

কেভিড-১৯ মহামারিকালীন সময়ে বিশ্বের বিভিন্ন গন্তব্যে আটকে পড়া যাত্রীদের সুবিধার্থে ও কার্গো পরিবহনে স্পেশাল ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা।