নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় বৃদ্ধা নিহত

নেত্রকোনার পৌর শহরের রাজুর বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় হাজেরা খাতুন (৭৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।

নেত্রকোনা সাতপাই রেল স্টেশনের স্টেশন মাস্টার মো. রাফি উদ্দিন জানান, নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ঢাকাগামী আন্তঃনগর ‘হাওর এক্সপ্রেস’ ট্রেনটি সকাল সাড়ে ৯টার দিকে রাজুর বাজার লেভেল ক্রসিং পার হওয়ার সময় রেল লাইনের পাশে দাঁড়িয়ে থাকা বৃদ্ধা হাজেরা খাতুনকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহত হাজেরা খাতুন রাজুর বাজার এলাকার বাসিন্দা।

খবর পেয়ে জিআরপি পুলিশ বৃদ্ধার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে বলে তিনি জানান।