মাদারীপুরের শিবচর উপজেলায় মাদবরচর খাড়াকান্দি গ্রামে চতুর্থ শ্রেণির এক মাদরাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বুধবার দুপুরে সালাউদ্দিন মাদবরকে (৩৮) গ্রেপ্তার করেছে শিবচর থানা-পুলিশ।
সালাউদ্দিন মাদবর মানিকগঞ্জ জেলার শিবালয় থানার সোবাহান মাদবরের ছেলে। সালাউদ্দিন মাদবরচর খাড়াকান্দি গ্রামে ভিকটিমের বাড়ির পাশে ভাড়া বাড়িতে থেকে শ্রমিকের কাজ করত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিবচরে নানির বাড়ি থেকে খাড়াকান্দি নুরুল কোরআন মহিলা মাদরাসার ৪র্থ শ্রেণিতে লেখাপড়া করত ওই শিক্ষার্থী। গত ২৯ আগস্ট বাড়িতে একা পেয়ে ওই শিক্ষার্থীকে সালাউদ্দিন ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে।
মঙ্গলবার রাতে ওই শিক্ষার্থীর নানি বাদি হয়ে সালাউদ্দিনকে আসামি করে শিবচর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে বুধবার দুপুরে অভিযুক্ত সালাউদ্দিনকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে থানা-পুলিশ।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সালাউদ্দিন ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।