ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক ‘অকৃত্রিম’ ও এর সঙ্গে কারও সম্পর্কের তুলনা হয় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বুধবার দুপুরে রাজধানীর সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ে নিজ দপ্তরে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশের বিদায়ী সাক্ষাতের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী জানান, ‘এটা হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ ছিল। তিনি সচিব মর্যাদায় পদোন্নতিতে দিল্লি যাচ্ছেন। এ পদোন্নতিতে আমার আন্তরিক অভিনন্দন।’
এ সময় সদ্যপ্রয়াত ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু হিসেবে উল্লেখ করেন মন্ত্রী বলেন, ভারতের পাশাপাশি আজ বাংলাদেশেও প্রণব মুখার্জির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক চলছে।
ড. হাছান মাহমুদ বলেন, হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশের ঢাকা অবস্থানকালে আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে গত বছর থেকে প্রথমবারের মতো বিটিভি ভারতে ফ্রি ডিশের মাধ্যমে দেখা যাচ্ছে। বাংলাদেশ বেতারের অনুষ্ঠানমালাও সম্প্রচার হচ্ছে। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধুর ওপর একটি বায়োপিক নির্মিত হচ্ছে। কোভিডের কারণে এর কাজ আপাতত বন্ধ আছে। আমরা দ্রুতই দু’দেশের যৌথ প্রযোজনায় মুক্তিযুদ্ধের ওপর একটি ডকুমেন্টারি ফিল্মও শুরু করব।
এ সময় রীভা গাঙ্গুলী দাশ বলেন, ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি মৃত্যুতে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শোকবার্তা পাঠিয়েছেন। প্রণব মুখার্জি বাংলাদেশের খুবই বড় বন্ধু ছিলেন।
তিনি আরো বলেন, আগামী বছর বাংলাদেশের মুক্তিযুদ্ধের ৫০ বছর । দু’দেশের সম্পর্ক অনেক প্রাচীন হলেও ২০২১ সালে কূটনৈতিক সম্পর্কেরও ৫০ বছর হবে। দু’দেশের অনেক ক্ষেত্র আছে যেখানে আমরা একসঙ্গে কাজ করতে পারি।
বৈঠক শেষে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ভারতের বিদায়ী হাইকমিশনারকে বঙ্গবন্ধুর জীবনভিত্তিক তিনটি গ্রন্থ ও আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা হস্তান্তর করেন।
রীভা গাঙ্গুলী মন্ত্রীর হতে স্মৃতিস্মারক তুলে দেন।
এ সময় তথ্যসচিব কামরুন নাহার উপস্থিত ছিলেন।