৭০০ কোটি বছর আগের মহাবিশ্ব কাঁপানো সংকেত এসে পৌঁছাল পৃথিবীতে

এক মুহূর্তে যদি আটটি সূর্যের সম্মিলিত শক্তি অবমুক্ত করা হয়, তাহলে কি ঘটবে? দুটি ব্ল্যাকহোল একসাথে মিশে গেলে ঠিক সেরকমই মাধ্যাকর্ষণীয় শকওয়েভ তৈরি হবে। এবং সেটি ঘটেছে। বিজ্ঞানীদের জানামতে, দুটি ব্ল্যাকহোলের একীভূত হওয়ার সবচেয়ে বড় ঘটনা এটাই।

বিবিসি বুধবার এক প্রতিবেদনে জানায়, এটি ঘটেছে প্রায় সাত শ কোটি বছর আগে, যার প্রভাব এতদিনে এসে পৌঁছেছে পৃথিবীতে। এরপরও এর  এত শক্তিশালী সংকেত তৈরি হয়েছে যে ইতালি ও যুক্তরাষ্ট্রের লেসার ডিটেক্টরে তা স্পষ্ট ধরা পড়েছে।

গত বছর  ২১ মে মাসে এই সংকেত পেয়েছেন বিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্র ও ইউরোপের যৌথ গবেষণা,  লিগো-ভারগো প্রকল্পের অংশ হিসেবে যে ওয়েভ ডিটেকশন সিস্টেম গড়ে তোলা হয়েছে, তাতেই ধরা পড়ে এই সংকেত। এর স্থায়িত্ব ছিল এক সেকেন্ডের ১০ ভাগের এক ভাগ।  সম্প্রতি এই আবিষ্কারের কথা গবেষণাপত্রে প্রকাশ করেন বিজ্ঞানীরা।

গবেষকেরা বলছেন, দুই ব্ল্যাকহোলের সংঘর্ষে যে একক এনটিটি উৎপন্ন হয় তার ভর সূর্যের চেয়ে ১৪২ গুণ বেশি। একে খুবই উল্লেখযোগ্য ঘটনা মনে করছেন বিজ্ঞানীরা।

এর আগে যেসব ব্ল্যাক হোলের সন্ধান পাওয়া গেছে, তার সবগুলোই হয় বেশ ছোট, তা না হলে অনেক বড়। তবে এই ঘটনার মাধ্যমে যে ব্ল্যাকহোল দেখা গেছে, তা মাঝারি আকারের। মাঝারি আকার বলতে যেগুলোর ভর সূর্যের চেয়ে ১০০ থেকে ১০০০ গুণ পর্যন্ত, সেগুলোকেই বোঝানো হয়।
এটি খুবই আশ্চর্যজনক ঘটনা, বলেন ফ্রান্সের কোত ডি আজুর অবজারভেটরির প্রফেসর নেলসন ক্রিশ্চেনসেন। তিনি বলেন, এই সংকেতের উৎপত্তি সাত শ কোটি বছর আগে, অর্থাৎ মহাবিশ্ব সৃষ্টির সময়কালের প্রায় মাঝামাঝি। অথচ এতদিন পর সেটি আমাদের যন্ত্রে ধরা পড়ল!