স্বামীর রেখে যাওয়া কৃষি জমিরও ভাগ পাবেন হিন্দু বিধবা নারী

স্বামীর উত্তরাধিকার সূত্রে রেখে যাওয়া কৃষি জমিতে হিন্দু বিধবা নারীর অধিকার থাকবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট।

বুধবার বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরীর একক হাইকোর্ট বেঞ্চ ওই রায় দেন।

মামলা সংশ্লিষ্ট আইনজীবীরা এ তথ্য নিশ্চিত করে জানার, খুলনার এক হিন্দু পরিবারের সম্পত্তি নিয়ে করা রিভিশান আবেদনের শুনানি শেষে আজ এ রায় দেন আদালত।  

আদালতে বাদি জ্যোতিন্দ্র নাথ মণ্ডলের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. আব্দুল জব্বার। বিবাদী গৌরী দাসীর পক্ষে ছিলেন আইনজীবী সৈয়দ নাফিউল ইসলাম। এ ছাড়া অ্যামিকাস কিউরি (আদালতে আইনি সহায়তাকারী হিসেবে) শুনানিতে অংশ নেন আইনজীবী উজ্জ্বল ভৌমিক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম আশরাফুল হক জর্জ।

বিবাদীর (গৌরী দাসী) আইনজীবী সৈয়দ নাফিউল ইসলাম বলেন, এত দিন স্বামীর রেখে যাওয়া বসত ভিটায় (অকৃষি জমি) হিন্দু বিধবা নারীর অধিকার ছিল, যা তিনি ভোগ-দখল করতে পারতেন। এই রায়ের মাধ্যমে কৃষি-অকৃষি সম্পত্তিতে বিধবা নারীর অংশীদারত্বের অধিকার নিশ্চিত হলো।