অস্ত্র আইনের মামলায় আওয়ামী যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান সুমনের বিরুদ্ধে আরও পাঁচজন সাক্ষ্য দিয়েছেন। ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েসের আদালতে বুধবার তারা এই সাক্ষ্য দেন। পাঁচ সাক্ষী হলেন- পুলিশের উপপরিদর্শক (এসআই) সুমন মিয়া, সিপাহী আলেয়া খাতুন ও ফারুক হোসেন, দীপ্ত দাস ও জীবনচন্দ্র।
এ নিয়ে মামলাটিতে সাতজনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবারও মামলাটির সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য রয়েছে।
এর আগে গত ২৯ জুন মামলার তদন্ত কর্মকর্তা র্যাব-১ এর উপপরিদর্শক (এসআই) আরিফুজ্জামান ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে এ মামলার অভিযোগপত্র (চার্জশিট) জমা দেন। গত ১৮ আগস্ট একই আদালত দুই আসামির বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করে। গত ২৩ আগস্ট একই আদালত আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে চার্জ গঠনের আদেশ দেয়।
গত ২২ ফেব্রুয়ারি দেশ ছেড়ে যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুই সহযোগীসহ পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান সুমনকে আটক করে র্যাব। এ সময় তাদের কাছ থেকে সাতটি পাসপোর্ট, দুই লাখ ১২ হাজার ২৭০ টাকা, ২৫ হাজার ৬০০ টাকার জাল নোট, ১১ হাজার ৪৮১ ডলার, শ্রীলঙ্কা ও ভারতের কিছু মুদ্রা ও দুটি ডেবিট কার্ড জব্দ করে। পরে পাপিয়ার ফার্মগেটের ফ্ল্যাটে অভিযান চালিয়ে সেখান থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন, ২০টি গুলি, পাঁচ বোতল বিদেশি মদ, ৫৮ লাখ ৪১ হাজার টাকা এবং বিভিন্ন ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ড উদ্ধার করে র্যাব।
এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় অস্ত্র আইনে একটি ও বিশেষ ক্ষমতা আইনে একটি এবং বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে আরেকটি মামলা করা হয়।