দুপচাঁচিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা যুবক কারাগারে

বগুড়ার দুপচাঁচিয়ায় গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গত মঙ্গলবার রাতে আরাফাত ম-ল (২৫) নামের এক ব্যক্তিকে আটক করে থানায় সোপর্দ করেছে এলাকাবাসী। আরাফাত উপজেলা সদরের হাটসাজাপুর উত্তরপাড়ার বাসিন্দা।

এ ঘটনায় গৃহবধূ গতকাল বুধবার দুপচাঁচিয়া থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা করেছেন। পুলিশ আরাফাতকে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই গৃহবধূর বাড়ি একই উপজেলার জিয়ানগর ইউনিয়নে। তার স্বামী দীর্ঘদিন থেকে বিদেশে চাকরি করেন। গৃহবধূ তার ছেলেকে নিয়ে শ্বশুর-শাশুড়ির সঙ্গে থাকেন। তিনি মাঝেমধ্যে উপজেলা সদরে কেনাকাটার জন্য যেতেন। এর ফাঁকে তার সঙ্গে আরাফাতের পরিচয় হয়। গত মঙ্গলবার রাতে আরাফাত গৃহবধূর বাড়ির প্রাচীর টপকে ভেতরে অবস্থান নেয়। রাতে গৃহবধূ প্রকৃতির ডাকে ঘর থেকে বের হলে আরাফাত তাকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা করে। এ সময় গৃহবধূর চিৎকার শুনে তার শাশুড়ি ও প্রতিবেশীরা এসে আরাফাতকে আটক করে পুলিশকে জানায়। পুলিশ আরাফাতকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।