পরিচয়পত্র জালিয়াতি মামলায় ডা. সাবরিনা রিমান্ডে

তথ্য গোপন ও জালিয়াতির মাধ্যমে দুটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ চৌধুরীর ২ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন শুনানি শেষে বৃহস্পতিবার রিমান্ডের আদেশ দেন।

আদালতে আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুর করে  দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

করোনা পরীক্ষা নিয়ে জালিয়াতির মামলায় বর্তমানে কারাগারে থাকা সাবরিনার বিরুদ্ধে ৩১ আগস্ট গুলশান থানা নির্বাচন অফিসার মোহাম্মদ মমিন মিয়া বাদী হয়ে বাড্ডা থানায় এ মামলা করেন।

মামলায় বলা হয়, মিথ্যা তথ্য দিয়ে দ্বৈত ভোটার হয়ে এবং একাধিক জাতীয় পরিচয়পত্র নিয়ে আইন অনুযায়ী অপরাধ করেছেন সাবরিনা। তার দুটি এনআইডির তথ্য তুলে ধরে বিবাদীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বলা হয়।

এর আগে দুর্নীতি দমন কমিশন (দুদক) ডা. সাবরিনার দ্বৈত ভোটার হওয়ার বিষয়টি নির্বাচন কমিশনকে (ইসি) জানায়। দুদক একটি চিঠি দিয়ে ব্যাখ্যা চায়। গত ২৬ আগস্ট নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর দুদকের চিঠির বিষয়ে সাংবাদিকদের নিশ্চিত করেন।

ডা. সাবরিনার জাতীয় পরিচয়পত্র আপাতত অকার্যকর করেছে নির্বাচন কমিশন।