করোনা রোধে সিল মিয়ানমারের রাজধানী

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে মিয়ানমারের রাজধানী নাইপিদোকে এক প্রকার সিল করে দেওয়া হয়েছে। রাজধানীতে যারা আসবেন তাদেরকে অবশ্যই কভিড-১৯ টেস্ট দিতে হবে। রিপোর্ট নেগেটিভ আসলেই কেবল প্রবেশ করা যাবে শহরে।

মিয়ানমারে গত কিছুদিন ধরে করোনাভাইরাসের প্রকোপ উঠতির দিকে। বুধবার কয়েক ডজন মানুষের শরীরে সংক্রমণ ধরা পড়ে। করোনার কারণে দেশে ‘দুর্যোগ’ নেমে আসতে পারে বলে সতর্কতা উচ্চারণ করেছে দেশটির স্টেট কাউন্সিলর অং সান সুচি।

এসবের মাঝেই নাইপিদোতে নানা কড়াকড়ি আরোপ করেছে সরকার। এ ব্যাপারে সরকারের ফেসবুক পেজে নির্দেশনামূলক একটি পোস্ট দেওয়া হয়েছে বলে রয়টার্সের খবরে বলা হয়েছে।

মিয়ানমার সরকারের অধিকাংশ কার্যক্রম পরিচালিত হয়ে থাকে নাইপিদো থেকে। রাজধানীকে করোনামুক্ত রাখতে  বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

নির্দেশনা অনুযায়ী, মিয়ানমারের করোনাপ্রবণ এলাকা থেকে কেউ নাইপিদোতে প্রবেশ করতে চাইলে তাকে অবশ্যই অন্তত সাত দিনের কোয়ারেন্টাইনে যেতে হবে। আর অন্য এলাকা থেকে আগত বাসিন্দাদের শহরে ঢুকতে হলে তাদের করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ আসতে হবে।

মিয়ানমারে স্থানীয় পর্যায়ে করোনাভাইরাসের সংক্রমণের ঘটনা ঘটে আগস্টের মাঝামাঝিতে, রাখাইন প্রদেশে। সরকারি হিসেবে এর মধ্যে সেখানে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ বেড়ে ১ হাজার ৫৯ জনে পৌঁছেছে। মৃত্যু হয়েছে ছয়জনের।