নোবিপ্রবি উপাচার্যকে সপরিবারে হত্যার হুমকি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. মো. দিদার-উল-আলমের কাছে অপরিচিত নাম্বার থেকে ফোন করে চাঁদা দাবি করা হয়। এ সময় টাকা দিতে অসম্মতি জানালে তাকে সপরিবারে হত্যার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে তিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

বৃহস্পতিবার উপাচার্য প্রফেসর ড. মো. দিদার-উল-আলম দেশ রূপান্তরকে বলেন, গত মঙ্গলবার ০১৮২৬৭৫২৬১৪ নাম্বার থেকে ফোন করে নিজেকে সর্বহারা জলদস্যু নেতা মহিউদ্দিন পরিচয় দিয়ে আমার কাছ চাঁদা দাবি করেন। এ সময় টাকা দিতে অস্বীকার করলে মহিউদ্দিন আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং শেষে সপরিবারে হত্যার হুমকি দেয়।

ড. মো. দিদার-উল -আলম আরো বলেন, এ ঘটনায় নিরাপত্তার জন্য ধানমন্ডি মডেল থানায় তাৎক্ষণিক একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এতে তিনি জীবননাশের হুমকি প্রদানকারী ব্যক্তির বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেছেন।

উপাচার্য বলেন, ধানমন্ডি মডেল থানার অফিসার ইনচার্জ ইকরাম আলী মিয়া ফোন ট্র্যাকিং করে জানতে পেরেছেন ওই নাম্বারটি ঢাকার পল্লবী থানার নেটওয়ার্কের অধীনে রয়েছে। তবে এ পর্যন্ত দোষীদের সাব্যস্ত করা সম্ভব হয়নি বলে জানান তিনি।