ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগ এনে সাংবাদিক প্রবীর শিকদারের বিরুদ্ধে রাজবাড়ীর আদালতে একটি মামলার আবেদন করা হয়েছে।
বৃহস্পতিবার রাজবাড়ীর এক নম্বর আমলি আদালতে অভিযোগটি জমা দেন রাজবাড়ী বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনিসুর রহমান। সংশ্লিষ্ট আদালতের বিচারক লাবণী আক্তার রাজবাড়ীর জেলা শিক্ষা কর্মকর্তাকে অভিযোগটি তদন্তের নির্দেশ দিয়েছেন।
জানা গেছে, রাজবাড়ী জেলা বার অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনিছুর রহমান বাদী হয়ে আদালতে অভিযোগ জমা দিয়েছেন।
এতে তিনি বলেন, গত ২৯ আগস্ট করোনায় আক্রান্ত হয়ে মারা যান রাজবাড়ী বার অ্যাসোসিয়েশনের সদস্য এমএ খালেক। তিনি সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং একজন ধর্মভীরু মানুষ। কিন্তু সাংবাদিক প্রবীর শিকদার গত ১ সেপ্টেম্বর তার নিজের ব্যক্তিগত ফেইসবুক আইডিতে মরহুম এমএ খালেক সম্পর্কে বাজে মন্তব্য করেন।
অভিযোগে আরও বলা হয়, প্রবীর শিকদার অ্যাডভোকেট এমএ খালেক জীবিত থাকাকালীনও তার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা ও বানোয়াট কথা ফেইসবুকে পোস্ট করেছেন। এছাড়া তিনি আদালতসংশ্লিষ্টদের নিয়েও বিরূপ মন্তব্য প্রকাশ করেন। এ ঘটনায় রাজবাড়ীর আইনজীবীসহ সর্বমহলে ক্ষোভের সৃষ্টি হয়। এরপর গত ২ সেপ্টেম্বর রাজবাড়ী জেলা বার অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সভায় এ বিষয়ে ক্ষোভ প্রকাশ ও মামলার সিদ্ধান্ত গৃহীত হয়। সেই সিদ্ধান্তের আলোকে রাজবাড়ী জেলা বারের সাধারণ সম্পাদক বাদী হয়ে এ মামলা করেন।
সাংবাদিক প্রবীর শিকদারের বিরুদ্ধে এর আগে রাজবাড়ীতে আরও চারটি মামলা করা হয়েছে।
তিনি দৈনিক বাংলা ৭১, উত্তরাধিকার-৭১ নিউজ অনলাইন পত্রিকা ও উত্তরাধিকার নামে একটি ত্রৈমাসিক পত্রিকার সম্পাদক। তার বাড়ি রাজবাড়ীর পাশের জেলা ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের কানাইপুর সাহাপাড়া গ্রামে। তবে থাকেন রাজধানী ঢাকায়।