রবীন্দ্রনাথ হুমকি না হলে পাবজিতে সমস্যা কোথায়: ভারতকে চীন

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আওড়ে ভারতে পাবজির মতো গেমভিত্তিক অ্যাপ নিষিদ্ধের প্রতিবাদ করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।

মন্ত্রণালয়টির মুখপাত্র হুয়া চুনিং বলেছেন, ভারত এবং চীনের প্রাচীন সভ্যতা অনবদ্য সংস্কৃতির বাহক। হাজার বছর ধরে আমাদের সাংস্কৃতিক আদানপ্রদান চলছে। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা চীনে খুব জনপ্রিয়। দিনকে দিন ইয়োগাও জনপ্রিয় হচ্ছে।’

এরপর রবীন্দ্রনাথের ‘বেওয়ারিশ পাখিরা’ বা STRAY BIRDS কাব্যগ্রন্থের ‘‘‘ভুল বুঝি/ তাই সর্বংসহা, দানশীলা ধরণীরে বলি মিছে,/‘‘নিষ্ঠুর, ধরণী আমাদের খালি হাতে ফিরিয়ে দিয়েছে’’’- এই লাইনগুলো উচ্চারণ করে তিনি বলেন ‘ভারতের সংস্কৃতি আমার খুব ভালো লাগে। আমরা মনে করি না ভারতের কবিতা কিংবা সংস্কৃতি আমাদের সমাজে অনুপ্রবেশ করে সংস্কৃতির ক্ষতি করছে। এটা আমরা বন্ধুত্বের উদাহরণ হিসেবে দেখি।’

হুয়া প্রশ্ন ছুঁড়ে বলেন, ‘আমাদের যদি এসবে সমস্যা না হয়, তাহলে চীনের গুরুত্বপূর্ণ অ্যাপে ভারতের সমস্যা কোথায়?’

সাধারণ মানুষের তথ্য সংগ্রহ করার অভিযোগে ভারত সরকার বুধবার চীনের ১১৮টি অ্যাপ নিষিদ্ধ করে।

এই পদক্ষেপের সমালোচনা করে চীন বলছে, যুক্তরাষ্ট্রের মতো ভারতও একই ভুল করলে তাদের খেসারত দিতে হবে।

‘এতে ভারতীয় নাগরিকদের অধিকার ও স্বার্থ ক্ষুণ্ন হয়েছে। একই সঙ্গে চীনের ব্যবসার অধিকার ও স্বার্থ বিঘ্নিত হয়েছে। ভারত যেটা করেছে সেটা কোনো মঙ্গল বয়ে আনতে পারে না।’