করোনার হানায় বন্ধ ক্রিকেটারদের অনুশীলন

ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন তিন দিনের জন্য সাময়িক বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কয়েকজন সাপোর্ট স্টাফের মধ্যে করোনা উপসর্গ দেখা দেওয়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একজন ট্রেনার করোনা পজিটিভ হয়েছেন বলেও জানা গেছে।

ঈদ-উল-আজহার আগে থেকে বিসিবির একাধিক ট্রেনিং গ্রাউন্ডে জাতীয় দলের ক্রিকেটাররা ব্যক্তিগত অনুশীলন করছেন। ক্রিকেটারদের সংখ্যাটা মিরপুরেই বেশি। গত সপ্তাহ থেকে দুজন করে জুটি বেঁধে অনুশীলন করছিলেন ক্রিকেটাররা।

করোনার হানায় শুক্র, শনি ও রবিবার মিরপুরে ক্রিকেটারদের অনুশীলন বন্ধ থাকবে। বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন সংবাদমাধ্যমকে বলেন, ‘আমাদের মেডিকেল প্রটোকলে এই পরামর্শ দেওয়া আছে যে কোনো ধরনের সমস্যা হলে একটা বিরতি দিতে হবে। এটা আমাদের মেডিকেল প্ল্যানেরই অংশ ছিল। কিছুটা বিরতি দিয়ে আবার শুরু করা হবে। সতর্কতাবশত এই ব্যবস্থা নেওয়া।’

এত দিন ক্রিকেটাররা একক অনুশীলন করলেও শ্রীলঙ্কা সফর উপলক্ষে আনুষ্ঠানিক ক্যাম্প শুরু হয়নি। ২১ সেপ্টেম্বর থেকে সেটি শুরু হওয়ার কথা। বর্তমান পরিস্থিতি শ্রীলঙ্কা সফরের ক্যাম্পে প্রভাব বললে না বলে বিসিবির প্রধান নির্বাহীর বিশ্বাস।