গাজীপুরের কালিয়াকৈরে যুবকের বিরুদ্ধে ছুরিকাঘাতে তার সাবেক স্ত্রীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার মাটিকাটা রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, তালাক দেওয়ার ক্ষোভে সাবেক স্ত্রী সালমা আক্তারকে (৩৫) ছুরিকাঘাতে খুন করেছে লিটন মিয়া (৪৫) নামে ওই যুবক। পরে অভিযান চালিয়ে লিটনকে আটক করা হয়। সালমা গাইবান্ধার সাঘাটা উপজেলার বেলতলী এলাকার শাহ আলমের মেয়ে। অভিযুক্ত লিটন একই উপজেলার পশ্চিম আগবপুর এলাকার আবদুল জলিলের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে কালিয়াকৈর থানার এসআই আবু সাঈদ জানান, গতকাল সকাল সাড়ে ৮টার দিকে ধারালো ছুরি দিয়ে সালমাকে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায় লিটন। পরে আশপাশের লোকজন সালমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।