পার্বতীপুরে কেবল টিভিতে প্রাথমিকের ক্লাস চালু

দিনাজপুরের পার্বতীপুরে কেব্ল টিভি নেটওর্য়াকের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান চালু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সাংসদ মোস্তাফিজুর রহমান ফিজার মোবাইল ফোনের মাধ্যমে উপজেলার ফুলকুঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ পাঠদান কার্যক্রম উদ্বোধন করেন।

পার্বতীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামানিক বলেন, ‘কোনো শিক্ষার্থীই যাতে প্রাথমিক শিক্ষা লাভ থেকে অকালে ঝরে না পড়ে সেজন্যই এ উদ্যোগ নেওয়া হয়েছে।’ উপজেলা শিক্ষা কর্মকর্তা ক. খ. ম আলাওল হাদী বলেন, প্রতিদিন দুপুর ২টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত  কেবল টিভি নেটওয়ার্কের মাধ্যমে এ পাঠদান কার্যক্রম চলবে।

এ সময় অন্যদের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার মোছা. শাহনাজ মিথুন মুন্নী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার রায় চৌধুরী, সহকারী শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম বারি লিখনসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।