বাফুফে নির্বাচনের তফসিল

করোনা উপসর্গ থাকলে কেন্দ্রে অবাঞ্ছিত

বাফুফের ৩ অক্টোবরের নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। আগামীকাল থেকে মনোনয়নপত্র বিক্রি শুরু হবে। প্রার্থী হতে ইচ্ছুকরা বাফুফের হিসাব শাখায় ৭ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত নিতে পারবেন মনোনয়নপত্র। ৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিল এবং তার পরের দিন মনোনয়নপত্রের ওপর আপত্তি দাখিলের সুযোগ থাকবে। ১১ সেপ্টেম্বর হবে মনোনয়নপত্র বাছাই। মনোনয়নপত্র দাখিলের দিন থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে। এরপর ১৩ সেপ্টেম্বর প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা।

বাফুফের নির্বাচনে মোট ২১টি পদ। একটি সভাপতি, একটি সিনিয়র সহ-সভাপতি, চারটি সহ-সভাপতি ও ১৫টি কার্যনির্বাহী সদস্য। সভাপতি পদে মনোনয়নপত্রের মূল্য ১ লাখ টাকা, সিনিয়র সহ-সভাপতির জন্য ৭৫ হাজার, সহ-সভাপতির জন্য ৫০ হাজার এবং সদস্য পদের জন্য দিতে হবে ২৫ হাজার টাকা।

করোনা মহামারীর কারণে বেশ কিছু বিধিনিষেধও জারি করেছে নির্বাচন কমিশন। ভোটকেন্দ্রে আসার ক্ষেত্রে প্রার্থী অথবা কাউন্সিলরদের কভিড-১৯ পরীক্ষা বাধ্যতামূলক করা না হলেও তারা কেন্দ্রের বাইরে শরীরের তাপমাত্রা মাপার ব্যবস্থা রাখছে। কারও তাপমাত্রা বেশি হলে, কিংবা জ্বর-সর্দি থাকলে তাকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না। প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন বলেন, ‘কিছু স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থাও সবাইকে মেনে চলতে হবে। মাস্ক বাধ্যতামূলক পরতে হবে। কারও মধ্যে করোনার উপসর্গ থাকলে তাকে ভোটকেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না। এই ক্ষেত্রে তিনি যদি ভোটার হন তবে ভোটও দিতে পারবেন না। করোনার এই বিশেষ পরিস্থিতি স্বাস্থ্যঝুঁকি এড়াতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তাছাড়া ভোটকেন্দ্রে সবাইকে কমপক্ষে ছয় ফুট দূরত্ব বজায় রাখতে হবে।’

আসন্ন নির্বাচন ও বার্ষিক সাধারণ সভায় মোট ডেলিগেটস সংখ্যা ১৩৯ জন। এছাড়া প্রার্থীরা উপস্থিত থাকতে পারবেন ভোটকেন্দ্রে। ভোট গণনার ক্ষেত্রে বাফুফের এক অফিশিয়ালকে নির্বাচন কমিশনের সঙ্গে যুক্ত করা হয়েছে। তবে কোনো প্রার্থী চাইলে নিজে অথবা তার প্রতিনিধিও ভোট গণনায় উপস্থিত থাকতে পারবেন বলে জানান প্রধান নির্বাচন কমিশনার।