করোনাভাইরাস মহামারীর বিরতি শেষে প্রথম ম্যাচ খেলতে নামছে অস্ট্রেলিয়া। আজ সাউদাম্পটনে ইংল্যান্ডের বিরুদ্ধে তাদের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। তিন ম্যাচের এই সিরিজের সব ম্যাচই হবে সাউদাম্পটনে। এরপর ওল্ড ট্র্যাফোর্ডে হবে তিনটি ওয়ানডে। ইংল্যান্ড সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছে গত মঙ্গলবার।
পাকিস্তানের বিপক্ষে সেই ম্যাচে হেরেছে তারা। যদিও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-১ ড্র হয়। প্রথম ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল।
১৩ মার্চ সিডনিতে ওয়ানডে খেলার পর করোনার কারণে সীমান্ত বন্ধ হয়ে যাবে বলে নিউজিল্যান্ডকে জরুরি ভিত্তিতে দেশে ফিরে যেতে হয়। সেই থেকে আজই প্রথম অস্ট্রেলিয়া আবার মাঠে নামছে। সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছিল তারা ২০ ফেব্রুয়ারি কেপটাউনে, দক্ষিণ আফ্রিকার সঙ্গে। অস্ট্রেলিয়ার সাম্প্রতিক সময়ের টি-টোয়েন্টি রেকর্ড অসাধারণ। গত দুই বছরে মাত্র একটি ম্যাচ হেরেছে তারা। সব মিলিয়ে ১২৫ ম্যাচের মধ্যে ৬৭টিতে জয় তাদের। ৫৫টি হার। ৩টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। এর মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে ১৬ টি-টোয়েন্টির ৯টিতে জয় অজিদের। ৬টিতে হেরেছে। দু’দল সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছে ২০১৮ সালের অক্টোবরে।