চীনের উহান থেকে ছড়ানো কভিড-১৯ এর জন্য অনেকে দায়ী করে থাকেন বাদুড়কে। তবে এবার বাদুড় মানব তথা ব্যাটম্যানের ডেরায় হানা দিয়েছে এ রোগ।
খবর হলো, করোনায় আক্রান্ত হয়েছেন হলিউডের জনপ্রিয় তারকা রবার্ট প্যাটিনসন। এ কারণে স্থগিত হয়েছে ম্যাট রিভস পরিচালিত ‘দ্য ব্যাটম্যান’ রিবুটের শুটিং। এ ছবির মলাট চরিত্র করছেন প্যাটিনসন।
কামিং সুন ডটকম জানায়, প্রথম শোনা গিয়েছিল টিমের এক সদস্যের করোনা পজিটিভ হওয়ায় যুক্তরাজ্যে ব্যাটম্যানের শুটিং স্থগিত হয়েছে। কিন্তু এখন জানা যাচ্ছে, আক্রান্ত ব্যক্তি হলেন ‘টোয়ালাইট’-খ্যাত প্যাটিনসন।
তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি প্রযোজনা সংস্থা ওয়ার্নার ব্রস ও প্যাটিনসনের মুখপাত্র।
প্যাটিনসন কি-না নিশ্চিত না করলেও ওয়ার্নার ব্রস এক বিবৃতিতে জানায়, ব্যাটম্যান টিমের এক সদস্যের করোনা-১৯ টেস্ট পজিটিভ এসেছে। তিনি এখন নিয়ম মেনে আইসোলেশনে আছেন। ছবির চিত্রায়ণ আপাতত বন্ধ রাখা হয়েছে।
বছরের শুরুতে মহামারি পরিস্থিতিতে ‘ব্যাটম্যান’ পিছিয়ে যায় পাঁচ মাস। এর পর শুটিং হতেই মাত্র তিন দিনের মাথায় হানা দিল করোনা। চলতি বছরের শেষ দিকে ডিসি’র অতি প্রতীক্ষিত সিনেমার শুটিং শেষ হওয়ার কথা ছিল।
এ ছবিতে আরও অভিনয় করছেন জো ক্রাভিজ, পল ডানো, জেফরি রাইট, কলিন ফ্যারেল, অ্যান্ডি সারকিস প্রমুখ। ২০২১ সালের ১ অক্টোবর ‘দ্য ব্যাটম্যান’ মুক্তির কথা রয়েছে।
এ দিকে গত সপ্তাহে মুক্তি পেয়েছে রবার্ট প্যাটিনসন অভিনীত ও ক্রিস্টোফার নোলান পরিচালিত ‘টেনেট’। ওপেনিংয়ে আয় করেছে ৫.৩ কোটি ডলার। যা করোনা পরবর্তী পরিস্থিতিতে হলিউডের জন্য বড় খবর। শিগগিরই যুক্তরাষ্ট্র ও চীনে মুক্তি পাবে ‘টেনেট’।
প্যাটিনসনের আগে হলিউডের একাধিক অভিনেতা করোনার কবলে পড়েন। মাত্র একদিন আগেই ইনস্টাগ্রাম ভিডিওতে ডোয়াইন জনসন জানান, স্ত্রী ও দুই মেয়েসহ তার করোনা পজিটিভ এসেছিল। বর্তমানে তারা সুস্থ আছেন।