সৌদি আরবের ঘোষণার একদিন পরই ইসরায়েলে ফ্লাইট পরিচালনায় নিজেদের আকাশসীমা ব্যবহারের জন্য সংযুক্ত আরব আমিরাতকে অনুমতি দিয়েছে বাহরাইনও। ফলে ইহুদি রাষ্ট্রটির সঙ্গে আমিরাতের বিমান যোগাযোগে আর কোনো বাধা নেই।
বৃহস্পতিবার নিজেদের আকাশ সীমা আরব আমিরাতকে ব্যবহারের অনুমতি দেওয়ার সিদ্ধান্তের কথা জানায় বাহরাইনের পরিবহন ও টেলিকমিউনিকেশন মন্ত্রণালয়।
সকল দেশের সঙ্গে যোগাযোগে সংযুক্ত আরব আমিরাত থেকে বিশ্ব আসা এবং যাওয়া সব ফ্লাইটকে বাহরাইনের আকাশসীমা ব্যবহার করতে পারবে বলে সরকার নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম বাহরাইন নিউজ এজেন্সি’র খবরে বলা হয়েছে।
এক দিন আগেই ইসরায়েলে আমিরাতের বিমান পরিচালনায় সৌদি আরবও তাদের আকাশসীমা বন্ধু রাষ্ট্রটিকে ব্যবহারের অনুমতি দেয়। যদিও সৌদি বা বাহরাইনের সঙ্গেই কোনো কূটনীতিক সম্পর্ক নেই ইসরায়েলের।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টায় গত মাসে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে চুক্তি স্বাক্ষর করে আমিরাত-ইসরায়েল।
চুক্তি অনুযায়ী দেশ দুটি পর্যটন, সরাসরি বিমান চলাচল, নিরাপত্তা, টেলিযোগাযোগ, প্রযুক্তি, জ্বালানি, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি, পরিবেশ এবং একে অপরের দেশে দূতাবাস স্থাপন করবে। এর অংশ হিসেবে উভয় দেশ নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে।
এর মধ্যে গত শুক্রবার পরীক্ষামূলকভাবে ইসরায়েল থেকে একটি বাণিজ্যিক ফ্লাইট আমিরাতে পৌঁছায়। তাতে যাত্রী ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টা ও তার জামাতা জেরার্ড কুশনার।
এদিকে, আমিরাতকে ইসরায়েলে বিমান পরিচালনায় সৌদি ও বাহরাইন আকাশ সীমা ব্যবহারে অনুমতি দিলেও দীর্ঘদিন ধরে তাদের আকাশসীমায় প্রবেশে কাতারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে। সৌদি আরবের আরেক বন্ধু দেশ মিসরের আকাশসীমা ব্যবহারেও নিষিদ্ধ কাতারের বিমান।