মুম্বাইকে ‘পাকিস্তানি কাশ্মীরের’ সঙ্গে তুলনা, বিরক্ত শিবসেনা

সহকর্মীদের বিরুদ্ধে একের পর এক তোপ দেগে চলেছেন কঙ্গনা রনৌত। স্বজনপোষণ বিরোধিতার পাশাপাশি উগ্র জাতীয়তাবাদী আদর্শও লালন করেন তিনি। এবার তিনবার জাতীয় পুরস্কার পাওয়া অভিনেত্রীর ওপর চটেছে মহারাষ্ট্রের ক্ষমতাসীন দল শিবসেনা।

বলিউডে মাদক চক্র চলে— এমন তথ্য কারো হাতে থাকলে, তিনি যেন সোজা পুলিশের কাছে গিয়ে অভিযোগ দায়ের করেন। টুইটারে এসব নিয়ে মন্তব্য না করে, সোজা থানায় যাওয়া উচিত। কঙ্গনাকে এভাবেই পালটা আক্রমণ করলেন উগ্রপন্থী দলটির মুখপাত্র সঞ্জয় রাউত।

মুম্বাইতে নিরাপত্তার অভাববোধ করেছেন, পুলিশের ওপর ভরসা রাখতে পারছেন না—  সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর স্থানীয় আইন-শৃঙ্খলাবাহিনীকে এভাবে আক্রমণ করেন কঙ্গনা।

অভিনেত্রীর অভিযোগের পালটা উত্তর দিতে মুখ খোলেন সঞ্জয়। বলেন, মুম্বাইতে থাকতে যদি নিরাপত্তার অভাব বোধ করেন, তাহলে কঙ্গনা যেন আর ওই শহরে ফিরে না আসেন। মুম্বাই পুলিশকে তিনি অপমান করছেন। স্বরাষ্ট্রমন্ত্রণালয় যেন বিষয়টির ওপর নজর রাখে।

শিবসেনা মুখপাত্রের ওই মন্তব্যের পর নিজের টুইটার হ্যান্ডেলে জবাব দেন কঙ্গনা। বলেন, সঞ্জয় রাউত তাকে প্রকাশ্যে হুমকি দিতে শুরু করেছেন। ফলে মুম্বাইকে তার ‘পাকিস্তান অধিকৃত কাশ্মীর’ বলে মনে হচ্ছে।

কঙ্গনার ওই মন্তব্যের পর তাকে সোজা পুলিশের কাছে অভিযোগ দায়ের করার পরামর্শ দেন শিবসেনা মুখপাত্র। এ ছাড়া অভিনেত্রীর বিরোধীরা সোশ্যাল মিডিয়ায় ভীষণ চটেছেন।

সম্প্রতি কঙ্গনা দাবি করেন, রণবীর কাপুর, রণবীর সিং, ভিকি কৌশলদের রক্ত পরীক্ষা করানো হোক। বলিউডের প্রথম সারির অনেক তারকা মাদকে আসক্ত বলে তিনি শুনেছেন। অবশ্য ‘উরি দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ ছবির জন্য ভিকি এখন শিবসেনার প্রিয়পাত্র।