সাড়ে তিন মাস পর করোনাভাইরাসে আবার মৃত্যুর ঘটনা ঘটল নিউজিল্যান্ডে। ছোঁয়াচে এই ভাইরাসে আক্রান্তদের মধ্যে দেশটিতে শুক্রবার একজনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে এএফপি।
স্থানীয় পর্যায়ে টানা ১০২ দিন সংক্রমণ মুক্ত থাকার পর গত মাসে অকল্যান্ডে আবার করোনারোগীর সন্ধান মেলে। দ্বিতীয় ধাপের সংক্রমণের পর এটাই দেশটিতে প্রথম প্রাণহানির ঘটনা।
শুক্রবার বিকেলে অকল্যান্ডের মিডলমোর হাসপাতালে করোনায় আক্রান্ত পুরুষ লোকটির মৃত্যু হয় বলে নিউজিল্যান্ডের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে। তার বয়স পঞ্চাশের ঘরে। করোনায় নিউজিল্যান্ডে যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে এই ব্যক্তির বয়স সবচেয়ে কম।
দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দেশটিতে করোনাভাইরাসে এই নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৩ জনে। এর আগ সবশেষ প্রাণহানির ঘটনা ঘটেছিল ২৪ মে।
করোনাভাইরাস নিয়ন্ত্রণে বিশ্বে এখন পর্যন্ত অন্যতম সফল দেশ নিউজিল্যান্ড। সবশেষ চব্বিশ ঘণ্টায় দেশটিতে নতুন আরও তিন শনাক্তসহ মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭৫৪ জনে।
তবুও সতর্কতার শেষ নেই নিউজিল্যান্ড সরকারের। নতুন করে সংক্রমণের কারণে পিছিয়ে দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন। গণ পরিবহনে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। জন সমাগম যাতে ১০ জনের বেশি না হয় দেওয়া হয়েছে সে নির্দেশনাও।