কয়েক মাস লকডাউন পালন করেও করোনা ঠেকাতে ততটা সফল নয় ভারত। প্রতিদিন হু হু করে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। যার আঁচ লেগেছে শোবিজে। আক্রান্ত হয়েছেন টিভি ও সিনেমার অনেক কলাকুশলী।
ভারতীয় গণমাধ্যম জানায়, দুই জনপ্রিয় টিভি শো’তে থাবা বসিয়েছে এই মহামারি। বেশ কয়েকজন টিম মেম্বারের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।
এই দুই রিয়্যালিটি শো হলো কৌন বনেগা ক্রোড়পতি বা কেবিসি ও ইন্ডিয়াস বেস্ট ড্যান্সার।
কিছুদিন আগে করোনা থেকে মুক্ত হয়েছেন অমিতাভ বচ্চন। তাকে তিন সপ্তাহ কাটাতে হয়েছিল হাসপাতালে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয় পরিবারের তিন সদস্য। এখন সিনিয়র বচ্চনের ‘কেবিসি’তে ধরা পড়েছে করোনা। জানা গেছে, অভিনেতার দুই টিম সদস্যের করোনা পজিটিভ এসেছে।
অন্যদিকে একই সমস্যায় পড়েছে ‘ইন্ডিয়াস বেস্ট ড্যান্সার’। এ অনুষ্ঠানের ৭-৮জন কলাকুশলী করোনায় ভুগছেন। অনুষ্ঠানটির বিচারকের আসনে আছেন মালাইকা আরোরা, টেরেন্স লুইস ও গীতা কাপুর।
তবে এ ঘটনার বিস্তারিত প্রকাশ করেনি চ্যানেল কর্তৃপক্ষ। বলা হচ্ছে, প্রযোজক যথাযথ সুরক্ষা নিয়ম মেনে শুটিং করেছিলেন। তা সত্ত্বেও করোনা ঠিকই হানা দিয়েছে।
করোনা পরিস্থিতিতে চার মাস বন্ধ ছিল ভারতীয় টিভি ও সিনেমার দৃশ্যায়ন। মাসখানেক আগে সচল হয় সিরিয়ালের শুটিং ফ্লোর। অন্যদিকে বিদেশে চালু হয়েছে বেশ কিছু সিনেমার ক্যামেরা।