১১৫৬টি মোটরসাইকেলকে রাইড শেয়ারিংয়ের অনুমতি

স্বাস্থ্যবিধি মেনে রাইড শেয়ারিংয়ের মাধ্যমে ঢাকা ও আশপাশের অঞ্চলে ১ হাজার ১৫৬টি মোটরসাইকেলকে চলাচলের অনুমতি দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

প্রাথমিকভাবে রাইড শেয়ারিং মোটরযান এনলিস্টমেন্ট সার্টিফিকেটপ্রাপ্ত  মোটরসাইকেলগুলো ডিটিসিএ এলাকা অর্থাৎ ঢাকা মেট্রো, গাজীপুর মেট্রো, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী ও গাজীপুর জেলা এলাকায় চলাচল করতে পারবে।

আগে এ সেবার আওতায় থাকলেও চট্টগ্রামসহ আরও কয়েকটি শহরের জন্য এবার অনুমতি দেওয়া হয়নি।

বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে তা রাইড শেয়ারিং সেবাদানকারী সবগুলো কোম্পানিকে পাঠানো হয়েছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছে বিআরটিএ।

বাংলাদেশে কভিড-১৯ মহামারী দেখা দেয়ার পর গত ২৬ মার্চ থেকে রাইড শেয়ারিং প্রতিষ্ঠানগুলোকে ঢাকাসহ বিভিন্ন বিভাগীয় শহরে তাদের কার্যক্রম বন্ধ রাখতে চিঠি দেয় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এরপর থেকে এতদিন পর্যন্ত অনলাইনভিত্তিক এই সেবা বন্ধ ছিল।