চুয়াডাঙ্গায় আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে জখম

চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি এলাকায় আলম হোসেন (৩৫) নামে একজনকে উপর্যুপরি কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। পূর্ব বিরোধের জের ধরে নিজ দলের প্রতিপক্ষ গ্রুপের সদস্যরা এ হামলা চালায় বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার রাত ৮টার দিকে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত আলমকে আশঙ্কাজনক অবস্থায় রাতেই ঢাকাতে নেওয়া হয়েছে।

আহত আলম হোসেন পৌর এলাকার ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানিয়েছেন দলের একাধিক সূত্র। তিনি বেলগাছি গ্রামের সুরুজ মণ্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয় একাধিক সূত্র জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বেশ কিছুদিন ধরে জেলা ছাত্রলীগের সভাপতি অনীকের অনুসারী ও সাধারণ সম্পাদক জানিফের অনুসারীদের মধ্যে বিরোধ চলে আসছিল।

এর জের ধরে শুক্রবার রাতে অনীকের অনুসারী আলমের ওপর হামলা চালায় জানিফের অনুসারী সজল, জনি ও রাব্বিসহ আরও কয়েকজন। এ সময় ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে গুরুতর জখম করা হয় আলমকে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আলমকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. সোহানা আহমেদ জানান, ধারালো অস্ত্রের আঘাতে আলমের দুই হাত পাসহ শরীরের অসংখ্য স্থান ক্ষতবিক্ষত হয়েছে। প্রচুর রক্তক্ষরণে তার অবস্থা অনেকটা সংকটাপন্ন। এ কারণে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত ঢাকা পঙ্গুতে পাঠানো করা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খাঁন জানান, এলাকায় আধিপত্য নিয়ে বিকেলে আলম ও তার পক্ষের লোকজন প্রতিপক্ষ গ্রুপের কর্মী নাসির ও তার বাবা মুক্তার হোসেনকে পিটিয়ে জখম করে। জবাবে রাতে প্রতিপক্ষরা আলমের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। আমরা হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছি।