ভারতে ৪৩ হাজার কৃষক ও দিনমজুরের আত্মহত্যা ১ বছরে

ভারতে গত বছর ৪২ হাজার ৮৪৪ জন কৃষক ও দিনমজুর আত্মহত্যা করেছেন। সম্প্রতি দেশটির ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর (এনসিআরবি) প্রকাশিত এক প্রতিবেদনে এমন পরিসংখ্যান উঠে এসেছে বলে জানিয়েছে এনডিটিভি।

এনসিআরবির তথ্যমতে, ২০১৯ সালে ভারতে মোট ১০ হাজার ২৮১ জন কৃষক ও ৩২ হাজার ৫৬৩ জন দিনমজুর আত্মহত্যা করেছেন। এ সংখ্যা পূর্ববর্তী বছরের চেয়ে ছয় শতাংশ বেশি। ২০১৮ সালে দেশটিতে ১০ হাজার ৩৫৭ জন কৃষক ও ৩০ হাজার ১৩২ জন দিনমজুর আত্মহত্যা করেছিলেন।

গত এক বছরে দেশটির মোট আত্মহত্যার ঘটনার ৭ দশমিক ৪ শতাংশই হলো কৃষকদের আত্মহত্যা। কৃষিক্ষেত্রে ১০ হাজারের বেশি আত্মঘাতীর মধ্যে চাষির সংখ্যা ৫ হাজার ৯৫৭ জন। আর ৪ হাজার ৩২৪ জন হলেন ক্ষেতমজুর। কৃষক আত্মহত্যার ক্ষেত্রে নারীদের থেকে অনেক এগিয়ে রয়েছেন পুরুষদের সংখ্যা। ২০১৯ সালে ৫ হাজার ৫৬৩ পুরুষ কৃষক আত্মহত্যা করেছেন। নারী কৃষকের ক্ষেত্রে সংখ্যাটা হলো ৩৯৪ জন।

অন্যদিকে ক্ষেতমজুরদের মধ্যেও পুরুষ ও মহিলাদের মধ্যে যথেষ্টই ফারাক রয়েছে। ক্ষেতমজুরদের মধ্যে ৩ হাজার ৭৪৯ জন পুরুষ আত্মহত্যা করেছেন আর ৫৭৫ জন নারী। কৃষিক্ষেত্রে আত্মহত্যার নিরিখে শীর্ষ রয়েছে মহারাষ্ট্র, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ ও তেলঙ্গানা।