রেকর্ড সপ্তম ইউএস ওপেনের পথে আরও এগোলেন সেরেনা উইলিয়ামস। টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডে পা রেখেছেন তিনি। এই শিরোপা তাকে আরও একটি রেকর্ডের পথে নিয়ে যাবে। শিরোপা জিতলে সাবেক কিংবদন্তি মার্গারেট কোর্টের সর্বোচ্চ ২৪টি গ্র্যান্ড স্ল্যামের রেকর্ডে ভাগ বসাবেন সেরেনা। সেই লক্ষ্যে এবার রাশিয়ান অবাছাই মার্গারিতা গাসপারিয়ানকে সরাসরি সেটে হারিয়েছেন ২৩ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী। ৬-২, ৬-৪ সেটের জয়ে মা হওয়ার প্রথম স্ল্যাম জয়ের সম্ভাবনাও উজ্জ্বল করে চলেছেন সেরেনা। এদিকে পুরুষ এককে দ্বিতীয় রাউন্ডেই বাধা পড়ল অ্যান্ডি মারের যাত্রা। ১৫তম বাছাই কানাডিয়ান ফেলিক্স অগের-অ্যালিয়াসিমের কাছে ৬-২, ৬-৩, ৬-৪ ব্যবধানে হেরেছেন মারে।
টুর্নামেন্টের তৃতীয় বাছাই হয়ে শুরু করা সেরেনা এখন পর্যন্ত মসৃণ গতিতেই এগোচ্ছেন। তার সামনে বড় বাধা পড়েনি এখনো। তবে তৃতীয় রাউন্ডেই সেই চ্যালেঞ্জে পড়বেন সেরেনা। এবার তার সামনে ২০১৭’র ইউএস ওপেন জয়ী ম্যাডিসন কিস। বেলারুশের ওলগা গভোরোতসভাকে ৬-২, ৬-২ ব্যবধানে হারিয়ে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন কিস। এতে এবারের টুর্নামেন্টে এখন পর্যন্ত সেরা লড়াইটা দাঁড়িয়ে গেল। দুই সাবেক ইউএস ওপেন জয়ী লড়বেন
তৃতীয় রাউন্ডে। দ্বিতীয় রাউন্ডের ম্যাচ শেষে কিসের প্রশংসা করে সেরেনা বলেন, ‘সে দারুণ খেলোয়াড়। সাবলীল এবং ওর খেলা দেখে মনে হয় কোর্টে খুব বেশি শক্তি খরচ করে না। কিস শক্ত প্রতিদ্বন্দ্বী, সে ইউএস ওপেন জিতেছে এবং আমাকেও হারিয়েছে। সে খেলাটা জানে। আমার জন্য ওর বিপক্ষে ম্যাচটি সহজ হবে না।’
কিসকে হারালে সেরেনার ২৪তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের পথ আরও সহজ হবে। চলতি টুর্নামেন্টে করোনার কারণে অ্যাশলে বার্টি ও সিমোনা হালেপদের মতো তারকা খেলোয়াড়রা খেলছেন না। ইতিমধ্যে টুর্নামেন্ট থেকে ক্যারিলিন প্লিসকোভার বিদায়ে সেরেনার পথ আরও সহজ হয়েছে। এবার এগিয়ে যাওয়ার দায়িত্বটা নিজের ওপর পড়ল। এদিন সেরেনার সঙ্গে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন ভিক্টোরিয়া আজারেঙ্কাও। বাদ পড়েছেন ব্রিটেনের জোহান্না কন্তা। পুরুষ এককে মারের পাশাপাশি আরেক বড় নাম গ্রিগর দিমিত্রভও বিদায় নিয়েছেন। অবাছাই প্রতিপক্ষ মাটন ফুকসোভিকসের সঙ্গে প্রায় ৫ ঘণ্টার ৫ সেটের ম্যাচে হেরেছেন তিনি। এ দুই তারকা বিদায় নিলেও ডমিনিক থিম তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন। নিজের ২৭তম জন্মদিন উদযাপন করেছেন সহজ জয়ে। ভারতের সুমিত নাগালের বিপক্ষে ৬-৩, ৬-৩, ৬-২-এ জিতেছেন। নাগাল ২০১৩’র পর প্রথম ভারতীয় হিসেবে ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে উঠেছিলেন। তৃতীয় রাউন্ডে থিমের মুখোমুখি হবেন মারিন সিলিচ। এ ছাড়া দানিয়েল মেদভেদেভও তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন।