বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের ১১তম মৃত্যুবার্ষিকী আজ শনিবার। মৌলভীবাজার থেকে ঢাকা আসার পথে ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের খড়িয়াখাল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে পড়ে তিনি নিহত হন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিবৃতি দিয়েছে বিএনপি।
এছাড়া এম সাইফুর রহমান ও দুররে সামাদ ফাউন্ডেশনের উদ্যোগে আজ বিকেলে মরহুমের গ্রামের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দানে কোরআন খতম, দোয়া মাহফিল ও এতিমদের মধ্যে খাদ্য বিতরণসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
গণমাধ্যমে দেওয়া বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে সাইফুর রহমানের কৃতিত্ব সর্বজনবিদিত। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষা এবং জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছেন।
সাইফুর রহমান বাণিজ্যমন্ত্রী, পরিকল্পনামন্ত্রী ও একাধিকবার অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তার রাজনৈতিক জীবন শুরু হয় ১৯৭৬ সালে জিয়াউর রহমান সরকারের বাণিজ্য উপদেষ্টা হিসেবে। তিনি ১৯৭৯ সালে মৌলভীবাজার-৩ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। পরে ১৯৯৬ সালে ষষ্ঠ ও সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ আসন এবং ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ ও সিলেট-১ আসন থেকে নির্বাচিত হন। অর্থমন্ত্রী হিসেবে সংসদে ১২ বার বাজেট উপস্থাপন করেন তিনি।