নতুন ঠিকানায় ‘বেঙ্গল বই’

রাজধানীর অন্যতম বই বিপণন কেন্দ্র ‘বেঙ্গল বই’ এবার নতুন ঠিকানায় স্থানান্তর হয়েছে। গতকাল শুক্রবার থেকে ধানমণ্ডির ২৭ নম্বরের ৪২ নম্বর বাড়ির বেঙ্গল শিল্পালয়ে স্থানান্তর হয়েছে প্রতিষ্ঠানটি। করোনা পরিস্থিতির কারণে তেমন কোনো আনুষ্ঠানিকতা ছিল না। তবে প্রথম দিনেই বইপ্রেমীদের ছিল উপচেপড়া সমাগম।

বেঙ্গল বইয়ের ম্যানেজার গোলাম সারওয়ার ফারুকী দেশ রূপান্তরকে বলেন, ‘করোনা পরিস্থিতির কারণে তেমন কোনো আনুষ্ঠানিকতা আমরা করিনি। কিন্তু প্রথম দিনই অনেক লোক সমাগম হয়েছে। অনেকেই মাস্ক ব্যবহার করেননি। তাই করোনা পরিস্থিতিতে বেঙ্গল বইয়ে আসার ক্ষেত্রে আমরা স্বাস্থ্যঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে কিছু নির্দেশনা তৈরি করেছি। বেঙ্গল বইয়ে যারা আসবেন, তাদের সেটা অবশ্যই মেনে আসতে হবে।’

২০১৭ সালে লালমাটিয়ার ডি ব্লকের ১/৩ ঠিকানায় যাত্রা শুরু করে বুক ক্যাফে ‘বেঙ্গল বই’। করোনা পরিস্থিতির কারণে বেশ কিছুদিন বন্ধ থাকার পর হঠাৎ করেই জানা যায়, লালমাটিয়ার ঠিকানাটি ছেড়ে দিয়েছে প্রতিষ্ঠানটি। বেঙ্গল বই বন্ধ হয়ে যাচ্ছে বলে গুজবও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

গোলাম সারওয়ার ফারুকী বলেন, ‘লালমাটিয়ার ভবনটিতে বেঙ্গল বইয়ের কার্যক্রম পরিচালনার পর থেকে অনেকেরই প্রিয় জায়গা হয়ে ওঠে এটি। আমরা আশা করছি নতুন ঠিকানায় বইপ্রেমীদের আড্ডায় মুখরিত হবে বেঙ্গল বই। মূলত বেঙ্গল শিল্পালয়ের পুরো একটি ফ্লোরজুড়ে সাজানো হয়েছে বেঙ্গল বইয়ের কার্যক্রম। বইপ্রেমীরা আগের মতোই বই কেনার পাশাপাশি ফুড কর্নারে খেতে পারবে এবং প্রাণ খুলে আড্ডা দিতে পারবে।’