বিচারিক ব্যবস্থা সহজ করতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে: বিচারপতি ওবায়দুল

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সদ্য নিয়োগ পাওয়া বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, বিচারিক ব্যবস্থা সহজ করার জন্য নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। মানুষ যাতে সঠিক বিচার পান, সে জন্য বিচারকরা কাজ করে যাচ্ছেন।

শনিবার দুপুরে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ওবায়দুল হাসান বলেন, মানুষ যাতে খুব সহজে বিচার পান এবং বিচারকরা যাতে কোর্টে এসে সঠিকভাবে বিচার করতে পারেন শিগগিরই প্রধান বিচারপতি সে ব্যবস্থা নেবেন। তিনি বলেন, করোনার মধ্যে ভার্চুয়াল বিচারিক কাজ শুরু করলেও এখন স্বাভাবিকভাবে বিচারব্যবস্থা চলছে।

এর আগে নবনিযুক্ত বিচারপতিরা ধানমণ্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তারা জাতীয় স্মৃতিসৌধে যান। সেখানে শহীদদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন শেষে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এ সময় বিচারপতি তারিক উল হাকিম ও তাদের সহধর্মিণীরা উপস্থিত ছিলেন।