বেনাপোল সীমান্তে বিপুল পিস্তল ও গুলিসহ আটক ৩

যশোরের বেনাপোল সীমান্ত থেকে বিপুলসংখ্যক পিস্তল, গুলি ও ম্যাগজিনসহ তিনজনকে আটক করা হয়েছে। এ সময় ১৪ কেজি গাঁজাও উদ্ধার হয়।

বিজিবি-৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা শনিবার বিকেলে যশোরে বিজিবি ক্যাম্পে এক ব্রিফিংয়ে জানান, শনিবার ভোরে বেনাপোলের রঘুনাথপুর বিওপির সদস্যরা সীমান্তের ঘিবা এলাকায় বস্তা মাথায় নিয়ে সীমান্ত পেরুনো অবস্থায় তিনজনকে আটক করে। এ সময় বস্তা তল্লাশি করে  ১১টি পিস্তল, ২২টি ম্যাগজিন, ৫০ রাউন্ড গুলি এবং ১৪ কেজি গাঁজা উদ্ধার হয়।

আটকরা হলেন যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানা এলাকার ঘিবা গ্রামের এজুবার মিয়ার ছেলে সাজ্জুল, সর্বাঙ্গহুদা গ্রামের মৃত সাবেদ আলীর ছেলে আলমগীর ও শহীদ বিশ্বাসের ছেলে আনারুল।

বিজিবি অধিনায়ক জানান, এসব অস্ত্র, গোলাবারুদ ও গাঁজা ভারতের চব্বিশ পরগনার লাল্টু মিয়ার কাছ থেকে সংগ্রহ করে এদেশের ‘মাদক সম্রাট’ বাদশা মল্লিকের কাছে হস্তান্তরের জন্য আনা হয়েছিল। বাদশাহ বেনাপোলের ধান্যখোলা গ্রামের বাসিন্দা। এ ঘটনায় একাধিক ব্যক্তি বা সংগঠন যুক্ত থাকতে পারে। এর উদ্দেশ্য বা পরবর্তী কার্যক্রম কী হতে পারত সে ব্যাপারে তদন্ত চলছে। উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও মাদক দ্রব্যের মূল্য ১২ লাখ ১৮ হাজার টাকা। আসামীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।