আইপিএল’র পূর্ণাঙ্গ সূচি জানা যাবে রোববার

প্রকাশিত হচ্ছে বলেও হচ্ছে না আইপিএল’র ত্রয়োদশ আসরের পূর্ণাঙ্গ সূচি। এই অপেক্ষার সীমা টেনে দিলেন আইপিএল’র চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল। জানিয়েছেন রোববারই ঘোষণা করা হবে টুর্নামেন্টের সূচি।

করোনাভাইরাস মহামারির কারণে এবারের আইপিএল হবে সংযুক্ত আরব আমিরাতের মাঠে। আগামী ১৯ সেপ্টেম্বর মাঠে গড়াবে বল। টুর্নামেন্টের ফাইনাল ১০ নভেম্বর।

অন্যান্যবার টুর্নামেন্ট শুরুর অনেক আগেই সূচি ঘোষণা হয়ে যায়। কিন্তু করোনা পরিস্থিতি সবটাই বদলে গিয়েছে। বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি আগেই জানিয়েছিলেন, এবার সূচি প্রকাশ করতে সময় নেওয়া হচ্ছে।

ম্যাচের মধ্যে যাতে পর্যাপ্ত ব্যবধান রাখা যায়, সেটা দেখতে হবে। তাছাড়া প্রথম ম্যাচ মুম্বাই বনাম চেন্নাই হবে কি-না, তা নিয়েও তৈরি হয় ধোঁয়াশা। কারণ চেন্নাই দলের দুই ক্রিকেটারসহ ১৩ জন করোনা আক্রান্ত। সব মিলিয়েই তাই চূড়ান্ত সূচি ঘোষণা করতে সময় নিচ্ছিল আইপিএল গভর্নিং কাউন্সিল। তবে সেই প্রতীক্ষার অবসান ঘটবে রোববার।